৫২ পরিবারের বসতবাড়ি ভেঙে বিশ্ববিদ্যালয়!
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থানের দখল নিতে গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের ৫২ পরিবারের বসতবাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। এ সময় কেটে ফেলা হয় কয়েক হাজার গাছ। গতকাল সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এ উচ্চ্ছেদ অভিযান চলে। র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের ২২৩ জন সদস্য এবং হাঁতুড়ি-শাবল-কুড়ালসহ ২২৫ জন শ্রমিক নিয়ে এই উচ্ছেদ অভিযান চালান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম। রাশেদুলের নির্দেশে প্রথমে বুলডোজার আঘাত হানে মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদারের (৮০) বাড়িতে। ১০০ বছরের পুরোনো বসতবাড়ি চোখের সামনে ভেঙে দিতে দেখে আবুল হোসেন, তাঁর স্ত্রী ও সন্তানেরা আহাজারি শুরু করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্ণকাঠি এলাকায় ২০১৩ সালের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলার কথা রয়েছে। সে লক্ষ্যে কাজ শুরু করে প্রশাসন। এরই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে রাশেদুল ইসলাম মাইকে বসতবাড়ি থেকে সবাইকে বের হতে বলেন। একই সঙ্গে বাড়িঘর ভেঙে ফেলতে পুলিশ ও শ্রমিকদের নির্দেশ দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার জানতে চান, কার নির্দেশে বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। সেই নির্দেশের কপি দেখতে চান। ক্ষতিগ্রস্ত পরিবারকে জানানো হয়, জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে ওই অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ করা ৫০ একর সম্পত্তি ব্যক্তিমালিকানার। এ নিয়ে উচ্চ আদালতে দায়ের করা মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এখানে ৫০টি বাড়ি, ১৩টি পারিবারিক কবরস্থান, তিনটি মসজিদ ও অসংখ্য গাছপালা রয়েছে। সরকার অবৈধভাবে ওই জমি দখলে নিচ্ছে। তাঁদের অভিযোগ, কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই সরকার তাঁদের ভিটামাটিছাড়া করছে।এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে বরিশাল-পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা রুটে সব ধরনের যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় সর্বোচ্চ প্রশাসনিক প্রস্তুতি। উচ্ছেদের সময় একাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ সদস্যরা পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের গালাগাল করে বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, রাজাকার নই। আমাদের গুলি করে মেরে ফেলো, আমরা কোথায় থাকমু, আমাগো চাকরি নাই, জায়গা নাই। আমরা তো আগেও কইছি, আমরা ভার্সিটি চাই, শুধু আমাগো এই বসতবাড়িটুকু ছাইড়্যা দাও।’ বাড়িঘর ভাঙার একপর্যায়ে নারী সদস্যরা বাড়ির সামনে শুয়ে প্রতিবাদ জানিয়ে বলেন, এ সরকার নয়জন মুক্তিযোদ্ধার পরিবারকে পুনর্বাসন না করে তাঁদের বসতবাড়ি ভেঙে দিচ্ছে। এ সরকার মুক্তিযুদ্ধের সরকার নয়। এরা শুধু মুখে মুক্তিযুদ্ধের কথা ব েল। মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার বলেন, ‘এই জন্য কি যুদ্ধ করেছিলাম? চোখের সামনে আমার বাড়ি ভেঙে দিল, আমি কিছুই করতে পারছি না।’ ক্ষতিগ্রস্ত হেলাল উদ্দিন তালুকদার অভিযোগ করে বলেন, ‘নয় মুক্তিযোদ্ধার পরিবারসহ ৪০ পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এখানে সাড়ে ১৫ একর ওয়াকফর সম্পত্তি রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। আমরা বলেছিলাম, ওই মামলায় হেরে গেলে জায়গা ছেড়ে দেব।’ তবে রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বারবার তাদের নোটিশ দিয়েছি। মিটিং করে অনুরোধ করেছি। তারা কোনো প্রস্তাবেই রাজি হয়নি। বাধ্য হয়ে আজ উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি ঘরের চার-পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।’