৫২ বছরেও কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন নিয়ে জরিপ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্রদ সৃষ্টির ৫২ বছরেও রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন নিয়ে জরিপ হয়নি। নদীর নাব্যতা কমে যাওয়ায় মাছের প্রাকৃতিক প্রজনন কমে গেছে। সে কারণে হ্রদে মাছের উৎপাদন পোনা অবমুক্ত করার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার মৎস্য প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত সাংবাদ সম্মেলনে এ কথা স্বীকার করা হয়।

মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাপ্তাই হ্রদকে ঘিরে তাদের কার্যক্রম সম্পর্কে জানান মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রহমান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের উপব্যবস্থাপক মো. মাসুদুল আলম ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার।

মো. মাসুদুল আলম বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৯৬০ সালে কাপ্তাই পানিবিদ্যুৎ বাঁধ নির্মাণের পর প্রায় ৭০০ বর্গমাইল বিস্তৃত এলাকায় কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়। ১৯৬৪ সালে হ্রদে মাছের উৎপাদন, আহরণ ও বিপণনের দায়িত্ব নেয় বিএফডিসি। কাপ্তাই হ্রদে নিবন্ধিত মৎস্যজীবী আছেন ২১ হাজার ৬২১। হ্রদে কী পরিমাণ মাছ উৎপাদন হয় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। হ্রদ থেকে আহরিত যেসব মাছ বিএফডিসি অবতরণ কেন্দ্রগুলোতে আনা হয়, শুধু সেগুলো হিসাবে আনা হয়। স্থানীয় চাহিদা পূরণে বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় বিক্রি হওয়া মাছের পরিমাণ নিয়ে কোনো প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত জরিপ করা হয়নি বলে তিনি স্বীকার করেন।

মাসুদুল আলম জানান, বিএফডিসির অবতরণ কেন্দ্রগুলোতে ২০১৫-১৬ সালে ৯ হাজার ৫৮৮ দশমিক ৫৫ মেট্রিক টন মাছ আনা হয়। এসব মাছ থেকে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা।

মো. আবুল বাশার বলেন, কাপ্তাই হ্রদে ৭২ প্রজাতির মাছ আছে। কর্ণফুলী, কাচালং, মাইনি, চেঙ্গী ও রেংখ্যংসহ অনেক ছোট ছোট নদী কাপ্তাই হ্রদের সঙ্গে মিশেছে। একসময় এসব নদীর মোহনায় মাছের প্রাকৃতিক প্রজনন হতো। এ বছরের জুন মাসে পরিচালিত এক গবেষণায়ও প্রাকৃতিক প্রজননের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তার পরিমাণ অনেক কমে গেছে। নদীর নাব্যতা কমে যাওয়া, মা-মাছের চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়াসহ নানা প্রতিবন্ধকতার কারণে প্রাকৃতিক প্রজনন কমে গেছে। এতে কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন এখন অন্য জায়গা থেকে আনা পোনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এ বছর হ্রদে ২৫ হাজার কেজি পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মো. আবদুর রহমান বলেন, রাঙামাটি জেলায় কাপ্তাই হ্রদসহ বিভিন্ন ঘোনা, খাড়ি ও জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর ব্যাপক সম্ভাবনা আছে। মৎস্য অধিদপ্তর মৎস্যজীবী ও মাছচাষিদের প্রশিক্ষণসহ প্রযুক্তি আধুনিকায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রাঙামাটি জেলায় ৩ হাজার ৪০২ জন মাছচাষি আছেন। জেলায় ৩৪১ দশমিক ৪৮ হেক্টর আয়তনের ১ হাজার ২৬১টি পুকুর এবং ৭২৯ দশমিক শূন্য ১ হেক্টর আয়তনের ৮২১টি খাড়ি আছে।