৫২ বছরের বিরোধ অবসান
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের হরিণ শিং দীঘি নিয়ে ৫২ বছর ধরে দুই পক্ষের বিবাদের আপাত নিষ্পত্তি হয়েছে। ১৩ একর ৯০ শতকের এই দীঘি নিয়ে মায়াবাড়ি গ্রামের ওই দুই পক্ষের হানাহানি হামলা-মামলা-সংঘর্ষ চলে আসছিল। এতে খুন হয় পাঁচজন। ভয়ে গ্রাম ছাড়ে অন্তত আড়াই শ মানুষ। এ কারণে এলাকায় অনাবাদি পড়ে থাকত শতাধিক একর জমি। গত শনিবার লোকজন নিজ নিজ বাড়িতে ফিরেছে।
এলাকার বেশ কয়েকজন জানান, ওয়ারিশসূত্রে দীঘির মালিকানা দাবি করেন মায়াবাড়ি গ্রামের এক পক্ষের ২৪টি পরিবার ও অন্য পক্ষের ১০০টি পরিবারের সদস্যরা।
এই বিরোধ নিষ্পত্তিতে গঠিত বিরোধ নিরসন কমিটি শনিবার দুপুরে দুই পক্ষকে নিয়ে দীঘির পারে সভা ডাকে। সরেজমিনে সভায় দেখা যায়, কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছে। বিরোধ নিষ্পত্তিতে নেতৃত্ব দিয়েছেন পীরগঞ্জ উপজেলা নাগরিক কমিটির সভাপতি কাজী লুমুম্বা ও এলাকার সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মমদেল হোসেন।
‘সহিংসতা পরিহার করি, শান্তিপূর্ণ সমাজ গড়ি’ স্লোগান নিয়ে বিকেলে সভা শুরু হয়। বিরোধ নিরসন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মমদেল হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কাজী লুমুম্বা, স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কাজী লুমুম্বা বলেন, ‘দীঘিকে ঘিরে এলাকায় ৫২ বছর ধরে অশান্তি বিরাজ করছিল। খুন হয়েছে পাঁচজন। অন্তত আড়াই শ মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে ছিল। এলাকার মানুষের মধ্যে বিবাদ ও কষ্ট আমাকে নাড়া দেয়। গত দুই মাস ধরে বিবদমান দুই পক্ষের নেতাদের সঙ্গে অসংখ্যবার বৈঠক করে ৪৩ সদস্যের বিরোধ নিরসন কমিটি গঠন করি। অনেক চেষ্টার পর বিরোধ নিরসন করতে পেরে বুকটা হালকা হয়ে গেছে।’
মমদেল হোসেন বলেন, ‘৫২ বছর পর গ্রামে দুই পক্ষের সহাবস্থান নিশ্চিত করতে পেরেছি। এখন মরেও শান্তি পাব। দুই পক্ষের অন্তত দেড় ডজন মামলা নিষ্পত্তির আইনি পথও খোঁজা হচ্ছে। দুই পক্ষই এতে খুশি হয়েছে।’
২৪ পরিবারের নেতা এমদাদুল হক বলেন, ‘দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় আজ আমরা একসঙ্গে থাকতে পারছি। এর চেয়ে শান্তি আর হয় না।’ ১০০ পরিবারের নেতা রফিকুল ইসলাম বলেন, ‘চিরদ্বন্দ্বের অবসান হলো। বুক থেকে পাথর সরে গেল।’
এলাকার কয়েকজন সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ৬ এপ্রিল ১০০ পরিবারের পক্ষের চারজনকে এই দীঘির পারে কুপিয়ে হত্যা করা হয়। এর জের ধরে পরবর্তী সময়ে খুন হন ২৪ পরিবারের পক্ষের আবদুস সামাদ (৫৬)। এ ছাড়া বিভিন্ন সময়ে সংঘর্ষে আহত হয়েছে গ্রামের অর্ধশত মানুষ।