৫২ বিদ্যালয়ে দপ্তরি নিয়োগে অনিয়মের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি তিন-চার লাখ টাকা উৎকোচ নিয়ে নিয়োগ প্রদানের তালিকা চূড়ান্ত করায় যোগ্য প্রার্থীরা চাকরিবঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার শীতলগ্রামের এক অভিভাবক জানান, শীতলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে শাহীন মিয়া নামের শারীরিক প্রতিবন্ধী এক তরুণকে চূড়ান্ত তালিকার ১ নম্বরে রাখা হয়েছে। অথচ পাঁচজন চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাকাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছামিউল আলম বলেন, পরীক্ষায় ভালো করায় শাহীন মিয়াকে তালিকায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী সবকিছু করা হচ্ছে।
তালিকাবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করেন, এই পরীক্ষা লোক দেখানো। বাস্তবে জনপ্রতি তিন-চার লাখ টাকা উৎকোচ নিয়ে নিয়োগ প্রদানের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
২ মার্চ উপজেলার তিনটি বিদ্যালয় ঘুরে নিয়োগ-প্রক্রিয়ায় একই ধরনের অনিয়ম ও নিয়োগ-বাণিজ্যের কথা জানা গেছে। এর মধ্যে রাখালবুরুজ কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শ্রেণীকক্ষে তালা ঝুলতে দেখা যায়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি কাজী দেলোয়ার অভিযোগ করেন, বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান চাকরি দেওয়ার কথা বলে জোবায়দুর রহমান নামের এক প্রার্থীর কাছ থেকে দুই লাখ টাকা নেন। পরে বেশি টাকা নিয়ে অন্যজনকে নিয়োগের জন্য তালিকাভুক্ত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই প্রার্থীর লোকজন সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তালা খুলে দেওয়া হয়।
চাকরিপ্রত্যাশী কাজীপাড়া গ্রামের জোবায়দুর রহমান বলেন, ‘টাকা দিতে পারিনি বলে ভালো পরীক্ষা দিয়েও তালিকায় স্থান পাইনি।’
মোস্তাফিজুর রহমান উৎকোচ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী লোক নিয়োগ করা হবে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক বলেন, ‘এসবের সঙ্গে আমি জড়িত নই।’ পার্শ্ববর্তী বিশপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মতিন বলেন, কমিটির সভাপতি আজম মিয়া সদস্যদের না জানিয়েই চার লাখ টাকা নিয়ে আতাউল নামের এক প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য তালিকা চূড়ান্ত করেছেন।
বিশপুকুর গ্রামের চাকরিপ্রত্যাশী তারা মিয়া ও আবু হানিফ অভিযোগ করেন, ‘আমরা পরীক্ষায় ভালো করেছি। কিন্তু টাকা দিতে না পারায় আমাদের চাকরি হবে না। শুধু লোক দেখানোর জন্য আমাদের পাঁচজনের পরীক্ষা নেওয়া হয়।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম বলেন, ‘নিয়োগের দায়িত্ব বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির। এ বিষয়ে আমি কিছু জানি না।’ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে আজম মিয়া বলেন, নিয়ম অনুযায়ী লোক নিয়োগ করা হবে। একই ধরনের অভিযোগ উপজেলার ঘুগা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব বলেন, ‘লোক নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির। সেখানে উৎকোচ নেওয়া হয়েছে কি না, তা আমার জানা নেই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে একজন করে দপ্তরি কাম নৈশপ্রহরী
নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক প্রার্থী অংশ নেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিজ নিজ প্রতিষ্ঠানে দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তিনজনের তালিকা পাঠাবে। এই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সাংসদের কাছে পাঠানো হবে। সাংসদ তালিকা অনুমোদনের পর শিক্ষা কর্মকর্তা তালিকাভুক্ত প্রথম প্রার্থীকে নিয়োগ দেবেন।