৫২ ভূমিহীন পরিবার উচ্ছেদ-আতঙ্কে
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কল্যাণী গ্রামের ৫২টি ভূমিহীন পরিবার উচ্ছেদ-আতঙ্কে রয়েছে। ২৩ বছর ধরে তারা ইউনিয়ন ভূমি কার্যালয়ের পাশে প্রায় ১২ বিঘা খাস জমিতে বসবাস করে আসছে।উচ্ছেদ বন্ধের দাবিতে এসব পরিবারের সদস্যরা গত রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা সেখানে থাকার পর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উচ্ছেদ বন্ধের দাবি জানান।ভূমিহীনদের অভিযোগ, সরকারিভাবে পুনর্বাসনের জন্য কোনো জমি বরাদ্দ না করেই তাঁদের উচ্ছেদের কার্যক্রম শুরু করা হয়েছে। তাঁরা নিম্ন আয়ের মানুষ; কেউ নদীতে মাছ ধরেন, আবার কেউ দিনমজুরি করে সংসার চালান।সুঘাট ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল হান্নান জানান, ইউনিয়ন ভূমি কার্যালয়ের নামে সরকারি খাস সম্পত্তিতে ভূমিহীনেরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ঘর তুলে বসবাস করে আসছেন। এতে ইউনিয়ন ভূমি কার্যালয়ের সমস্যা হচ্ছে। তাই অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।স্থানীয় লোকজন ও ভূমিহীনদের সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের বন্যায় খানপুর ইউনিয়নের বাঙ্গালী নদীর পাশে চকখানপুর গ্রামের ৩৫টি জেলে পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়। এরপর থেকে ওইসব পরিবারসহ সুঘাট ইউনিয়নের আরও ১৭টি ভূমিহীন পরিবার কল্যাণী গ্রামের ইউনিয়ন ভূমি কার্যালয়ের পাশে খাস জমিতে আশ্রয় নেয়।মৎস্যজীবী হরি হাওলাদার বলেন, ‘বন্যায় বাড়িঘর ও ভিটামাটি নদীত ভ্যাংগা গেছে। এখুন যদি তুইলা দেয় তাহলে যাওনের কুন জায়গা নাই। আমরা যামু কনে।’ একই কথা জানান জেলে জিতেন হাওলাদার ও বিষ্ণু হাওলাদার। ভূমিহীন সোলায়মান আলী ও আবদুস সাত্তার জানান, জমি কিনে বাড়ি করার মতো সামর্থ্য তাঁদের নেই। দিনমজুরি করে খুব কষ্টে তাঁরা সংসার চালান। এখন উচ্ছেদ করা হলে তাঁদের পরিবার নিয়ে পথের ধারে থাকতে হবে। সুঘাট ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, মানবিক কারণে তাঁদের উচ্ছেদ না করে আগে পুনর্বাসন করা প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম প্রধান বলেন, উচ্ছেদ প্রক্রিয়ার বিষয়টি তাঁর জানা নেই। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।