নড়াইলের কালিয়া পৌরসভার ৫২ লাখ টাকার কাজ মেয়রের আত্মীয়স্বজন ও কয়েকজন অনুসারীর নামে ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১ মে রাতে মেয়রের ভগ্নিপতি ছরোয়ার হোসেনের বাড়িতে এই ভাগাভাগির ঘটনা ঘটে। তবে ছরোয়ার বিষয়টি অস্বীকার করেছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন।কালিয়া পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার ২০১০-১১ অর্থবছরের বরাদ্দকৃত উন্নয়ন সহায়ক ও বিশেষ বরাদ্দ তহবিল থেকে রাস্তা সংস্কার, অগভীর নলকূপ, পানি সরবরাহ লাইনসহ বিভিন্ন কাজের জন্য ২ মে ২৮টি গ্রুপে ৫২ লাখ টাকার দরপত্র বিক্রি করা হয়। ৩ মে দরপত্র গ্রহণ ও দরপত্র বাক্স খোলা হয়। প্রতিটি গ্রুপে চারটি করে দরপত্র বিক্রি হলেও জমা পড়ে তিনটি করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ১ মে পৌর মেয়র ইমদাদুল হকের ভগ্নিপতি ছরোয়ার হোসেনের বাড়িতে আলোচনায় বসেন মেয়রের আত্মীয়স্বজনসহ তাঁর কয়েকজন অনুসারী। ওই বৈঠকে ঠিক হয় কোন কোন ঠিকাদার কোন কাজের জন্য দরপত্র জমা দেবেন। পৌরসভার হিসাবরক্ষক হওয়া সত্ত্বেও মেয়রের আত্মীয় পৌরসভার লাইসেন্স পরিদর্শক রাজু আহম্মদকে দিয়ে দরপত্র বিক্রি করানো হয়। এ কাজে তাঁকে সহায়তা করেন পৌরসভার সচিব মো. মনিরুজ্জামান। মনিরুজ্জামান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভায় হিসাবরক্ষক পদে জনবল থাকা সত্ত্বেও অফিশিয়াল সিদ্ধান্তের কারণে লাইসেন্স পরিদর্শককে দিয়ে দরপত্র বিক্রি করানো হয়। নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একজন কর্মকর্তা জানান, ২৮টি গ্রুপের মধ্যে পৌর মেয়রের আত্মীয়স্বজনের নামে ১৫টি কাজ বণ্টন করা হয়েছে। এর মধ্যে মেয়রের ছোট ভাইয়ের প্রিন্স এন্টারপ্রাইজের নামে সাতটি, লাইসেন্স পরিদর্শক রাজু আহম্মদের বাবা ও মেয়রের ভায়রার ছোট ভাই আলী আহম্মদের নামে পাঁচটি, ভগ্নিপতি ছরোয়ার হোসেনের মেসার্স শারমিন এন্টারপ্রাইজের নামে একটি, বড় ভগ্নিপতি দাউদ হোসেনের নামে একটি এবং ছোট ভাই বি এম শুকুর আলীর শ্যালক মনা মিয়ার নামে একটি কাজ বণ্টন করা হয়েছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক ঘোষ বলেন, দরপত্র আহ্বানের ব্যাপারে কাউন্সিলরদের ডাকা হয়নি। সমঝোতার বিষয়টি তিনি শুনেছেন। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলাল হোসেন বলেন, ‘যা শুরু হয়েছে, এভাবে পৌরসভার উন্নয়ন সম্ভব নয়।’ নারী কাউন্সিলর জোছনা রানী বলেন, ‘বিরোধিতা না করার জন্য মেয়র সাহেব আমাদের প্রত্যেক কাউন্সিলরকে ১০ হাজার করে টাকা দিয়েছেন।’ পৌরসভার মেয়র বি এম এমদাদুল হক আত্মীয়স্বজনের মধ্যে ঠিকাদারি কাজ ভাগাভাগি করে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ঠিকাদারেরা সম্মিলিতভাবে দরপত্রে অংশ নিয়েছেন। এখানে কে কার আত্মীয় তা দেখার বিষয় নয়। আর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।