খাদ্যসংকটে পড়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তিন গ্রামের ৫২টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ। গতকাল রোববার সকাল ১০টার দিকে সাজেকের ৮ নম্বর পাড়া এলাকায় এসব ত্রাণ দেওয়া হয়। তিন গ্রাম হলো শিজক ছড়া পাড়া, ৮ নম্বর পাড়া ও কেজিং পাড়া।
খাদ্য সহায়তার মধ্যে ১৫ কেজি চাল, ৫০০ গ্রাম সয়াবিনসহ বিভিন্ন সামগ্রী। খাদ্য সহায়তা বিতরণের সময় পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুগত লংকার স্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোক মিত্র ভিক্ষু, বাঘাইছড়ির শিজক কলেজের প্রভাষক শীল ভদ্র থের, সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য দেব জ্যোতি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি উপজেলা সাজেক, বঙ্গলতলি, মারিশ্যা, বাঘাইছড়ি ও সারোয়াতলি এই পাঁচ ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকট চলছে। দুর্গম এলাকার মানুষ জুমের ধানের ওপর নির্ভরশীল। কিন্তু বন ও মাটির উর্বরতাশক্তি কমে যাওয়ায় জুমের ফসল উৎপাদন কমে গেছে। এ কারণে বছরে প্রায় পাঁচ মাস (মার্চ থেকে জুলাই) খাদ্যসংকট দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।