৫২টি পাখা নষ্ট, কোনোমতে চলে বাকিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে খানপুরে অবস্থিত জেলার সর্ববৃহৎ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালের ১৫৭টি বৈদ্যুতিক পাখার (ফ্যান) ৫২টিই বর্তমানে নষ্ট। ত্রুটি থাকায় সাতটি পাখা এতটাই আস্তে চলে যে বাতাস পাওয়া যায় না। বাকি ৯৮টি পাখাও আস্তে ঘোরায় বাতাস পাওয়া যায় খুব কম। দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমে পাখাগুলো নষ্ট হতে থাকলেও তা মেরামত করা হচ্ছে না।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, পাখা নষ্ট ও ত্রুটিপূর্ণ থাকায় গরমে জরুরি বিভাগে আসা এবং বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। রোগীরা জানান, গরমের কারণে অনেক রোগী চিকিৎসা পুরোপুরি শেষ হওয়ার আগেই বাড়ি চলে যেতে বাধ্য হয়েছেন।
হাসপাতালের দোতলায় ২১ নম্বর ওয়ার্ডে সাধারণ শয্যা রয়েছে ৪৮টি। ২৮টি শয্যার ওপরে পাখা রয়েছে। এর মধ্যে ১০টি পাখা পুরোপুরি নষ্ট। ৪৬ নম্বর শয্যার রোগী হাফিজুল (১৬) নাকে অস্ত্রোপচারের জন্য ফতুল্লার ভূইগড় থেকে এসেছেন গত সোমবার। তাঁর বোন কাকলী জানান, হাফিজুলের শয্যার ওপরের পাখাটি নষ্ট। গরম সহ্য করতে না পেরে হাফিজুল অস্ত্রোপচার না করেই বাড়ি ফিরে যেতে চাইছেন।
৩৩ নম্বর শয্যায় থাকা সোনারগাঁ উপজেলার গোয়ালদীর বাসিন্দা সুবল ভূইয়া গত রোববার ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘ফ্যান নষ্ট থাকায় দিন-রাতের কোনো সময়েই শান্তিতে ঘুমাতে পারি না। মশা, মাছির উপদ্রব তো লেগেই আছে।’ পাখা নষ্ট ও ত্রুটিপূর্ণ থাকায় সুস্থ হতে আসা রোগীরা বরং বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান আরও অনেক রোগী। শুধু রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনেরাই নন, কর্তব্যরত চিকিৎসক, সেবিকারাসহ অন্যরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক শফিউল আজম বলেন, হাসপাতালের পাখা, লাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। নষ্ট বৈদ্যুতিক পাখাগুলো জরুরি ভিত্তিতে প্রতিস্থাপন অথবা মেরামত করার জন্য গত ২৫ ফেব্রুয়ারি এবং ১০ ও ১৯ মার্চ তিন দফায় অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা বলেন, আগে এই ধরনের কাজ ঢাকা অফিস থেকে সরাসরি করা হতো। এক মাস ধরে এই দায়িত্ব নারায়ণগঞ্জ অফিসের কাছে ন্যস্ত করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় তহবিল বরাদ্দ করা হয়নি। তহবিল পাওয়া গেলে আগামী এক সপ্তাহের মধ্যে পাখাগুলো ঠিক করা হবে।