৫২০ বাড়ি, ৭১০ একর জমি নদীগর্ভে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলার আটটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা মধুমতী নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ২০ দিনে আটটি ইউনিয়নে ৫২০টি বসতবাড়ি ও ৭১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।ভাঙনে মধুখালী উপজেলায় একটি মাদ্রাসা, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের স্মৃতি জাদুঘরে যাওয়ার সড়কের একাংশ এবং কয়েক কিলোমিটার কাঁচা সড়ক, কয়েক শ মিটার পাকা সড়ক বিলীন হয়ে গেছে।ব্যাপক ভাঙন দেখা দিয়েছে আলফাডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়নে। উপজেলার টগরবন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আখতাবউদ্দীন জানান, ভাঙনের ফলে ২০ দিনে ইউনিয়নের ১০ একর ফসলি জমি ও ৬০টি বাড়ি বিলীন হয়ে গেছে। দুর্গত ব্যক্তিরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধসহ বিভিন্ন সড়কে আশ্রয় নিয়েছেন।একই উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজরা, ফুলবাড়িয়া ও দিগনগর গ্রামে মধুমতীর ভাঙনে ৬৫টি পরিবার হারিয়েছে বসতবাড়ি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৩০০ একর জমি। বুরাইচ ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব জানান, ইউনিয়নের খোলাবাড়িয়া ও চর খোলাবাড়িয়া গ্রামে নদীর ভাঙনে ১০০ পরিবার তাদের বাড়ি হারিয়েছে। এ ছাড়া ১৫ একর ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে।পাচুরিয়া ইউপির চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম জানান, ইতিমধ্যে ইউনিয়নের ৯৫টি বসতবাড়ি ও ৯০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন ভাঙনের মুখে পড়েছে। নওপাড়া ইউনিয়নে মধুমতীর ভাঙনের ফলে বাগাট-বোয়ালমারী সড়কের সীতারামপুর পয়েন্টে ২০০ এবং করিমের বটতলা পয়েন্টে দেড় শ মিটার অংশ ভেঙে গেছে। এ ছাড়া ২০ দিনে মাঝিপাড়া, সীতারামপুর ও করিমের বটতলা এলাকায় ১৫টি বাড়ি ও পাঁচ একর ফসলি জমি বিলীন হয়েছে। একই উপজেলার কামারখালী ইউনিয়নের গয়েশপুর, চর গয়েশপুর ও সালামতপুরে মধুমতীর ভাঙনে ৯০টি বাড়ি ও ২০০ একর জমি নদীগর্ভে হারিয়ে গেছে। বিলীন হয়ে গেছে গয়েশপুর একতেদিয়া মাদ্রাসা। এ ছাড়া কামারখালী থেকে দয়ারামপুর যাওয়ার পথে প্রায় চার কিলোমিটার কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে। কামারখালী থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘরে যাওয়ার পাকা সড়কটি গন্ধখালী নামক জায়গায় ভাঙনের ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডীঘাট বরাবর তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে ৭০টি বাড়ি ও ৩০ একর জমি বিলীন হয়ে গেছে। মধুখালী থেকে বোয়ালমারী সড়কের ২০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আ. মান্নান সরকার জানান, আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার পাঁচটি পয়েন্টে ভাঙন রোধে কাজ করার অনুমতি চেয়ে একটি প্রকল্প এক বছর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।