৫২০ শিক্ষার্থীর জন্য মাত্র ৬৫টি বেঞ্চ!
ময়মনসিংহের নান্দাইল পৌরশহরের আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ৫২০ শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু তাদের জন্য বেঞ্চ আছে মাত্র ৬৫টি। প্রয়োজনীয় বেঞ্চের অভাবে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পাঠদানকালে শিক্ষার্থীদের অনেকে গাদাগাদি করে বসে, অনেকে আবার দাঁড়িয়ে থাকে। প্রধান শিক্ষিকা বাবলী দাস প্রথম আলোকে বলেন, শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ২৩০ জন এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৯০ জন। প্রতিটি বেঞ্চে দুজন শিক্ষার্থী আরাম করে বসতে পারে। কিন্তু বেঞ্চের সংকট থাকায় প্রতিটিতে চার থেকে পাঁচজন করে বসছে। পরীক্ষা চলাকালে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। তখন ডেকোরেটরের দোকান থেকে ভাড়া করে চেয়ার-টেবিল আনতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, তাঁর সন্তানকে মেঝেতে বসে পরীক্ষায় অংশ নিতে দেখেছেন। ছোট ছোট ছেলেমেয়ে মেঝেতে বসে পরীক্ষা দিচ্ছে, এটা ভাবলেই তাঁর খারাপ লাগে। বেঞ্চ সংকটের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) মো. ইমদাদুল হক বলেন, গত বছর ২০টি বিদ্যালয়ের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মাত্র চারটি বিদ্যালয়ের জন্য বরাদ্দ পাওয়া যায়। এখন এলাকার ধনাঢ্য ব্যক্তিদের অনুদানে বেঞ্চ সংকট মোচনে চেষ্টা করছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, বেঞ্চ সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।