৫২২ কোটি টাকায় হচ্ছে আধুনিক বার্ন ইনস্টিটিউট
দেশেই আগুনে পোড়া মানুষের আধুনিক চিকিৎসা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৫২২ কোটি ৩৯ লাখ টাকার প্রকল্পও পাস করা হয়েছে। রাজধানীর চান খাঁর পুলে এ ইনস্টিটিউট হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর ২০১৬ সালের জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু করবে। শেষ করবে ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে। সম্পূর্ণ স্থানীয় মুদ্রায় এ প্রকল্পের অর্থ দেওয়া হবে।
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, জনগণের আর্থিক সামর্থ্যের মধ্যে উন্নত বার্ন ও প্লাস্টিক সার্জারি সেবা দেওয়া হবে। এ ছাড়া এ ইনস্টিটিউটের মাধ্যমে স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এ বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। এ ছাড়া বিভিন্ন দেশের এ জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির পাশাপাশি গবেষণাও করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এত বড় ইনস্টিটিউট পৃথিবীর আর কোথাও নেই।