৫৩ কাউন্সিলর প্রার্থীর ৪৩ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৫৩ জন প্রার্থীর মধ্যে ৪৩ জনই মাধ্যমিকের গণ্ডি পেরোননি। ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তাছির উদ্দিনই একমাত্র কামিল (স্নাতকোত্তর) পাস।
প্রার্থীদের দেওয়া হলফনামা ঘেঁটে জানা গেছে, ৫৩ প্রার্থীর মধ্যে কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এঁদের মধ্যে কাউন্সিলর প্রার্থীদের অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী ১৪ জন। পঞ্চম শ্রেণি পাস করেছেন চারজন। অষ্টম শ্রেণি পাস প্রার্থীর সংখ্যা ২৩ জন। নবম শ্রেণি পাস দুজন, এসএসসি পাস প্রার্থী সাতজন ও এইচএসসি পাস দুজন। আর কামিল পাস মাত্র একজন। তবে সংরক্ষিত আসনের ২ নম্বর ওয়ার্ডের (৪, ৫ ও ৬) প্রার্থী সফুরা মোতালিব ছাড়া কেউ-ই এসএসসির গণ্ডি পেরোননি।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে মোন্তাজ প্রামাণিক ছাড়া কেউ এসএসসি পাস করেননি। এই ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের তিনজন প্রার্থীই অষ্টম শ্রেণি পাস। ২ নম্বর ওয়ার্ডের তিনজন প্রার্থীর মধ্যে মজিবর রহমান ও বিদ্যুৎ কুন্ডু এসএসসি পাস করেছেন।
৩ নম্বর ওয়ার্ডে চারজন প্রার্থীর মধ্যে শুধু সবুজ বিশ্বাস লালন এইচএসসি পাস করেছেন। অন্যরা কেউ এসএসসি পাস করতে পারেননি। ওই ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের তিন প্রার্থী অষ্টম শ্রেণি পাস।
৪ নম্বর ওয়ার্ডে সাতজন প্রার্থীর মধ্যে তাছির উদ্দিন কামিল পাস, আনোয়ার হোসেন এইচএসসি পাস। আর অন্যরা এসএসসির নিচে।
৫ নম্বর ওয়ার্ডের তিনজন, ৬ নম্বর ওয়ার্ডের চারজন ও ৭ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর কেউ এসএসসি পাস নন। সংরক্ষিত মহিলা আসনের (৪, ৫ ও ৬) ওয়ার্ডের প্রার্থী সফুরা মোতালিব এসএসসি, শামীমা খাতুন অষ্টম শ্রেণি ও অন্যরা স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
৮ নম্বর ওয়ার্ডে চারজন প্রার্থীর মধ্যে মিজানুর রহমান ছাড়া বাকি সবাই এসএসসির নিচে। ৯ নম্বর ওয়ার্ডের তিন প্রার্থীর সবাই এসএসসি পাস। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের পাঁচজন প্রার্থীর চারজন এসএসসির নিচে ও একজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
কলেজশিক্ষক মো. সাজেদুর রহমান বলেন, প্রথম শ্রেণির পৌরসভায় উচ্চশিক্ষিত জনপ্রতিনিধি ছাড়া শিক্ষা, স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়নসহ নাগরিকসুবিধা সুনিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভোটার ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী রুবেল হোসেন বলেন, স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী এবং আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গঠনে উচ্চশিক্ষিত প্রার্থীদের এগিয়ে আসতে হবে। তা ছাড়া পৌরসভার আধুনিকায়ন বাধাগ্রস্ত হবে।