
কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৫৩ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল বৃহস্পতিবার তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোর চারটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ যানজট লেগে থাকে।
গতকাল ভোরে দাউদকান্দির বারপাড়ায় একটি বড় লরি উল্টে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ, যাত্রী সাধারণ ও গাড়িচালকদের সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় ঢাকাগামী একটি বড় লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ থেকেই যানজটের সূত্রপাত। একপর্যায়ে তা ৫৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে যাত্রীরা বিশেষ করে রোগী, শিশু, বৃদ্ধ ও নারীরা চরম দুর্ভোগে পড়েন। বিকেল চারটার পর যান চলাচল স্বাভাবিক হয়।
দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে কথা হয় নোয়াখালীর রায়পুর থেকে ঢাকাগামী জননী পরিবহনের বাসচালক সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি জানান, সকাল নয়টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় এসে তীব্র যানজটে আটকা পড়েন তাঁরা। গৌরীপুরে পৌঁছান বেলা পৌনে দুইটার দিকে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান জানান, দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে রেকার এনে লরিটি সরিয়ে নিলেও আমিরাবাদ সেতু এলাকায় ভাঙা সড়কের কারণে যানজট তীব্র আকার ধারণ করে।