৫৩ কেজি হরিণের মাংস উদ্ধার
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের মাথাভাঙ্গা নদীর মোড় থেকে শিকারিদের কাছ থেকে গতকাল শুক্রবার ভোরে বন বিভাগের সদস্যরা ৫৩ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ করেছেন।কৈখালী স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন জানান, গত বৃহস্পতিবার রাত থেকে বনপ্রহরীরা সুন্দরবনের ভেতরের মাথাভাঙ্গা নদীর মোড় এলাকায় অপেক্ষা করতে থাকেন। ভোর পাঁচটার দিকে একটি নৌকা আসতে দেখে সেটিকে থামাতে বলা হয়। এ সময় নৌকার আরোহী পাঁচজন সুন্দরবনের গহিনে ঢুকে যায়। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৫৩ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় নৌকাটি জব্দ করা হয়।সুন্দরবন এলাকার সাবেক ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান, ঈদ সামনে রেখে কয়েকটি শিকারি দল সুন্দরবনে হরিণ শিকারে নেমেছে। হরিণ শিকার করে সাতক্ষীরা শহরসহ খুলনা, যশোর ও ঢাকায় চালান দিচ্ছে। হরিণের মাংস পাঠানো হচ্ছে ঢাকাগামী পরিবহনে।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, জব্দ করা মাংস দুটি হরিণের হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ জামানের উপস্থিতিতে সাতক্ষীরা আদালত চত্বরে মাংস নষ্ট করে ফেলা হয়েছে। কৈখালী স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন বাদী হয়ে বন আইনে একটি মামলা করেছেন।তৌফিকুল ইসলাম আরও জানান, ঈদ সামনে রেখে সুন্দরবনে হরিণসহ কোনো প্রাকৃতিক সম্পদ যাতে কেউ অবৈধভাবে আহরণ করতে না পারে, এ জন্য আগামীকাল রোববার থেকে সাতক্ষীরা রেঞ্জে বন বিভাগের দুটি দল সব সময় টহলে থাকবে। আর তাই সুন্দরবনে কর্মরত সবার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।