
রাজশাহী নগরের ফায়ার ব্রিগেড-সিটিহাট সড়কটির সুফল কার্যত নগরবাসী পাচ্ছেন না। ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সড়কটির সিংহভাগই প্রায় অলস পড়ে থাকে।
আড়াআড়িভাবে সড়কটির মাঝখান দিয়ে চলে গেছে আরেকটি সড়ক। তার মাঝ বরাবর চলে গেছে সড়ক বিভাজক। এই বিভাজকে নতুন সড়কটি বিভক্ত হয়ে আছে। সড়কে ঢুকলেই বিভাজকে ঝামেলায় পড়তে হয়। এ জন্য বেশির ভাগ গাড়িচালক সড়কটি এড়িয়ে চলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক এম মনজুর হোসেন তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, এই সড়কটির ৯৫ শতাংশ ব্যবহৃত হয় না।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রাজশাহী নগর বাইপাস সড়ক থেকে বিলশিমলা বন্ধগেট ও ফায়ার ব্রিগেড মোড় হয়ে শহরের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করার জন্য এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। চারদলীয় জোট সরকারের সময় তারেক রহমান এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কিন্তু সে সময় সড়কটি আর নির্মাণ হয়নি। উপরন্তু সড়কের বরাদ্দের টাকা সিটি করপোরেশনের দৈনন্দিন কাজে খরচ হয়ে যায়। এরপর এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে তিনি নতুন করে তহবিল জোগাড় করে এই সড়ক নির্মাণ করেন। ৪ দশমিক ৮৯ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৫৩ কোটি টাকা। নির্মাণকাজ শেষ হয় ২০১১ সালে।
নগরের বিলশিমলা ও কলাবাগান এলাকার মাঝখান দিয়ে চলে গেছে গ্রেটার রোড। এই গ্রেটার রোডের মাঝখানে রয়েছে সড়ক বিভাজক। ফলে নতুন সড়কটি আর কলাবাগান ও বিলশিমলা এলাকাকে যুক্ত করতে পারেনি।
কয়েকজন গাড়িচালক জানান, সিটি বাইপাস থেকে বিলশিমলা হয়ে কোনো গাড়ি কলাবাগান হয়ে ফায়ার ব্রিগেডে আসতে চাইলে তাকে বিলশিমলা থেকে গ্রেটার রোড দিয়ে পূর্ব দিকে বর্ণালীর মোড় হয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। আবার কলাবাগান থেকে বিলশিমলা যেতে চাইলে গ্রেটার রোড হয়ে পশ্চিম দিক দিয়ে আধা কিলোমিটার ঘুরে আসতে হয়। এই ঝামেলা এড়াতে তাঁরা সড়কটি বর্জন করছেন।
সড়কের দক্ষিণাংশে নাগরিক ব্যস্ততা থাকায় রিকশা চলাচল বেশি। আর উত্তরাংশে জনবসতি কম থাকায় রাস্তাটি প্রায় ফাঁকা পড়ে থাকে।
কলাবাগান এলাকার এক বাসিন্দা বলেন, এই সড়ক এখন মূলত করিডর হয়ে আসা ভারতীয় গরু চলাচলের জন্য বেশি ব্যবহৃত হয়। চওড়া সড়ক দিয়ে গরুর দল নিয়ে সিটিহাটে যেতে রাখালদের বেশ সুবিধা হয়।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, দুই পাশের সড়ক সংযুক্ত করতে ঝামেলা আছে। তাঁরা বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলবেন। ভবিষ্যতে এই জায়গায় উড়ালসড়ক নির্মাণের পরিকল্পনা আছে।
রাজশাহী নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার এন এম মাহমুদুল হাসান বলেন, এটি সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কাজ। তাঁদের কাছে কোনো পরামর্শ চাইলে তাঁরা দেবেন।