৫৩ কোটি টাকার ফসলের ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর তাণ্ডব ও শিলাবৃষ্টিতে শেরপুরের চারটি উপজেলার ১৩টি ইউনিয়নে বোরো ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, গত ২১ এপ্রিল রাতের ওই ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ৫৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে সদর উপজেলার গাজীর খামার, পাকুরিয়া, চরশেরপুর, চরমোচারিয়া, লছমনপুর, বাজিতখিলা ও শেরপুর পৌরসভার আংশিক এলাকা; শ্রীবরদীর কুড়িকাহনিয়া, গড়জরিপা ও খড়িয়া কাজিরচর; ঝিনাইগাতীর হাতিবান্ধা ও মালিঝিকান্দা এবং নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়ন। ঝড় ও শিলাবৃষ্টিতে এসব এলাকার ৪০টি গ্রামের প্রায় সাড়ে ৩৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, ২১ এপ্রিল রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে শেরপুর সদর উপজেলার তিন হাজার ৫৫৭ হেক্টর জমির পাকা ধান ও ২১০ হেক্টরের সবজি, শ্রীবরদী উপজেলার ৪০৮ হেক্টরের বোরো ধান ও ৯০ হেক্টরের সবজি, ঝিনাইগাতীর ৯৫ হেক্টরের বোরো ধান এবং নালিতাবাড়ীর ২৪ হেক্টর জমির ধান সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। এসব জমিতে সম্ভাব্য উৎপন্ন ফসলের হিসাব ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে ৫২ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা।