৫৩ জন শিক্ষার্থী নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের যাত্রা শুরু
আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল সাতক্ষীরা মেডিকেল কলেজ। গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেন।সাতক্ষীরা শহরের কাটিয়ায় কলেজের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এস জেড আতিক। বক্তব্য দেন জাতীয় অধ্যাপক এম আর খান, সাংসদ আবদুর জব্বার, মুক্তিযোদ্ধা শেখ আবু নাছিম, মীর মোস্তাক আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, স্বাস্থ্য অধিদপ্তরের উপমহাপরিচালক রোকেয়া সুলতানা, জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর মেয়র আবদুল জলিল প্রমুখ।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসাক্ষেত্রে চিকিৎসকদের আরও আন্তরিক হতে হবে, সেবক হতে হবে। মেডিকেল কলেজের ছাত্র হিসেবে জীবন শুরুর প্রথম দিন থেকে এ অভ্যাস গড়ে না তুলতে পারলে ভবিষ্যতে চিকিৎসক হিসেবে সমাজে অবদান রাখা কঠিন হয়ে পড়বে। ২০০৯ সালের ২৩ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিচরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী সাতক্ষীরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২০১১ সালের অক্টোবর মাসে কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। গত ডিসেম্বরে জেলা শহরের কাটিয়ায় কলেজের জন্য একটি পুরোনো বাড়ি ও একটি কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়া হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ এস জেড আতিক বলেন, ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচে ৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৭ জন ছাত্র ও ১৬ জন ছাত্রী। তিনিসহ কলেজের মোট শিক্ষকসংখ্যা নয়জন। গতকাল শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানের পর কলেজে আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ২২ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।