৫৩টির মধ্যে মাত্র দুটি জলাশয় ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৩টি জলাশয় ইজারার জন্য দরপত্র চাওয়া হলেও দুটি জলাশয় এ পর্যন্ত ইজারা দেওয়া সম্ভব হয়েছে।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে ৫৩টি জলাশয় ইজারা দেওয়ার জন্য গত ১৩ মার্চ স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ এপ্রিল পর্যন্ত দরপত্র বিক্রি এবং ১৩ এপ্রিল দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত ছিল। এ সময়ের মধ্যে মাত্র দুটি জলাশয়ের জন্য পাঁচটি দরপত্র বিক্রি হয় এবং শেষ পর্যন্ত দুটি দরপত্র জমা পড়ে।১৮ এপ্রিল উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির এক সভায় দরপত্র পাওয়া দুটি জলাশয় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ দুটি জলাশয় হলো উপজেলার শৌলীসবলা জলমহাল ও গোতিথা বিল। স্থানীয় শৌলী আবুদিয়া সমবায় সমিতি লিমিটেড ও গোতিথা আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে ইজারা দেওয়া হয়। বাকি ৫১টি জলাশয় ইজারা দেওয়ার জন্য ৩০ এপ্রিল পর্যন্ত দরপত্র জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হোসেন আহমেদ জানান, স্থানীয়ভাবে ঢোল পিটিয়ে ও মাইকিংয়ের মাধ্যমে এবার জলমহাল ইজারা দেওয়ার বিষয়টি প্রচার করা হবে।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোহাম্মাদ আবদুল আহাদ বলেন, জলমহালগুলো ইজারা দেওয়ার জন্য সময় বাড়িয়ে প্রচারণার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যে জলমহালগুলো ইজারা দেওয়া সম্ভব হলেও এ বছর তা হয়নি।