৫৩০০ টাকার প্রস্তাবিত মজুরির গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবিত পাঁচ হাজার ৩০০ টাকার খসড়া প্রস্তাবের গেজেট প্রকাশিত হয়েছে। এদিকে ঘোষণা দিয়েও গতকাল বুধবার প্রস্তাবিত মজুরি নিয়ে লিখিত আপত্তি বোর্ডে দেয়নি মালিকপক্ষ। কারণ, আপত্তির সব বিষয় চূড়ান্ত করতে পারেনি তারা। তবে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেটি দেওয়া হতে পারে—এমনটাই জানান বিজিএমইএর নেতারা। প্রস্তাবিত মজুরির গেজেট প্রকাশের বিষয়ে মজুরি বোর্ডের সচিব সালাহউদ্দীন মাহমুদ বলেন, গত মঙ্গলবার রাতে গেজেট প্রকাশিত হয়েছে। গতকাল শিল্পটির সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে তা পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গেজেট প্রকাশের দিন থেকে পরবর্তী ১৪ দিন যে কেউ প্রস্তাবিত মজুরি নিয়ে লিখিতভাবে আপত্তি বা সুপারিশ করতে পারবেন। ওই সময়ের পর বোর্ডের সদস্যরা সেগুলো নিয়ে আবার বৈঠকে বসবেন। তারপর চূড়ান্ত মজুরির প্রস্তাব তৈরি করা হবে।

মজুরি বোর্ডের নবম সভায় গত সোমবার পোশাকশ্রমিকদের জন্য পাঁচ হাজার ৩০০ টাকা প্রস্তাব করা হয়। পরদিন সংবাদ সম্মেলন করে বিজিএমইএ ও বিকেএমইএ আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করে। এতে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম নিম্নতম মজুরি সাড়ে চার হাজার টাকা করার দাবি জানান। অন্যথায় দুই সমিতির সদস্যরা কারখানা বন্ধ করার হুমকিও দেন। একই সঙ্গে তিনি বোর্ডে লিখিত আপত্তি জমা দেওয়ার ঘোষণা দেন। বিজিএমইএর নেতারা জানিয়েছেন, প্রস্তাব নিয়ে আপত্তির খসড়া তৈরি হয়েছে। এতে মালিকপক্ষ নিম্নতম মজুরি সাড়ে চার হাজার টাকা নির্ধারণ ছাড়াও তিন-চারটি দাবি জানাবে। দাবিগুলো হচ্ছে: উৎসে কর শূন্য দশমিক ৮০ শতাংশ থেকে হ্রাস করে শূন্য দশমিক ২৫ শতাংশ করা, পোশাকশিল্পের জন্য টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণ, ৫ শতাংশ নগদ সহায়তা ও ব্যাংকঋণের সুদের হার সহনীয় পর্যায়ে নিয়ে আসা।

যোগাযোগ করলে মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আপত্তির খসড়া তৈরি করেছি, এখন পর্যালোচনার কাজ চলছে। সমিতির নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে চূড়ান্ত করা হবে।’ তিনি বলেন, ‘বোর্ডে কাল (আজ) আমরা আপত্তি জমা দিতে পারি।’ খসড়া প্রস্তাবের গেজেট নিয়ে জানতে চাইলে আরশাদ জামাল বলেন, ‘কোনো একটি খাতের মজুরি নির্ধারণে দেশের আর্থসামাজিক অবস্থা ও শিল্পের সামর্থ্য বিবেচনায় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করতে হয়। তবে এবারের বোর্ডের নয়টি সভার কোনোটিতেই এ বিষয়ে আলোচনা হয়নি। গেজেটের কার্যবিবরণীতে বলা হয়েছে, আলোচনা হয়েছে। এটি সত্য নয়।’ লিখিত আপত্তিতে এই বিষয়টি তুলে ধরা হবে বলেও জানান তিনি।

প্রস্তাব প্রত্যাখ্যান করে মালিকপক্ষের আপত্তি জানানোর বিষয়ে বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মালিকপক্ষ হঠকারী আচরণ করছে। তারা শ্রমিকদের কম দিতেই নতুন কৌশল শুরু করেছে।’ তিনি বলেন, ‘মালিকেরা পাঁচ হাজার ৩০০ টাকার প্রস্তাব মেনে না নিলে আমরা ধরে নেব, তারা এখনো শ্রমিকদের দাস হিসেবেই দেখে। কেবলমাত্র মুনাফার চিন্তাই তারা করে, শিল্পের উন্নয়নের কথা ভাবে না।’ সিরাজুল ইসলাম আরও বলেন, ‘প্রস্তাবিত মজুরি বর্তমান বাজারদরে অপ্রতুল। তার পরও বর্তমান অস্থিরতায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আমরা এটি মেনে নিয়েছি। মালিকেরা নিজেদের মুনাফায় একটু ছাড় দিলেই সহজেই এই মজুরি বাস্তবায়ন সম্ভব।’