৫৪ ও ১৬৭ ধারা সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোয়ানা ছাড়া পুলিশকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার প্রায় এক যুগ পর গতকাল মঙ্গলবার আপিলের শুনানি শুরু হলো।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুরুতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আপিলের আবেদন মঞ্জুরের আদেশ পড়ে শোনান। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানির জন্য সময় চান। আগামী ১১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। তিনি আদালতে বলেন, এক যুগ আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭ ধারা সংশোধনের রায় দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের নির্দেশনাগুলো এখনো বহাল রয়েছে। কিন্তু সরকার রায় বাস্তবায়ন করে ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেয়নি। যদি রায় বাস্তবায়ন করা হতো, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটত না।
১৯৯৮ সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পুলিশের হেফাজতে মারা যান। রুবেল হত্যাকাণ্ড তদন্তের জন্য বিচারপতি হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তৎকালীন সরকার। ওই তদন্ত কমিটি বিনা পরোয়ানায় গ্রেপ্তার-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড-সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনের সুপারিশ করে।
ওই সুপারিশ বাস্তবায়িত না হওয়ায় পরে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট আবেদন করে। ওই রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল এ ব্যাপারে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে ছয় মাসের মধ্যে ৫৪ ও ১৬৭ ধারা সংশোধন করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে রায়ে আইন সংশোধনের আগ পর্যন্ত অন্তর্বর্তী কয়েকটি নির্দেশনা দেওয়া হয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালে আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন।