৫৪ কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৫০ শতাংশের নিচে, এমন ৫৪ কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। আগামী সাত কর্মদিবসের মধ্যে ফল বিপর্যয়ের কারণ লিখিত আকারে জানানোর জন্যও বলা হয়েছে। বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম স্বাক্ষরিত ওই চিঠি ডাকযোগে এবং বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘২০১১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আপনার কলেজের পাসের হার ৫০ শতাংশের নিচে। এতে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে প্রশাসনিক ও পাঠদানের ক্ষেত্রে আপনার অদক্ষতার পরিচয় বহন করে এবং তা প্রতিষ্ঠানের জন্য কাঙ্ক্ষিত হতে পারে না। এমতাবস্থায় ২০১১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণে কেন আপনার কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি নবায়ন স্থগিত/প্রত্যাহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা সাত কর্মদিবসের মধ্যে বোর্ডে জমা দিতে হবে।’বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার সেকশন অফিসার মো. আবদুল খালেক জানান, ২০১১ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ২৮৮টি কলেজ অংশ নেয়। এর মধ্যে ৫৪টি কলেজের পাসের হার ৫০ শতাংশের নিচে। ৫৪টি কলেজের মধ্যে কুমিল্লা জেলার ১৯টি, নোয়াখালীর নয়টি, চাঁদপুরের আটটি, লক্ষ্মীপুরের সাতটি, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি এবং ফেনী জেলার পাঁচটি কলেজ রয়েছে।ফলাফল বিবরণী ঘেঁটে জানা গেছে, ৫৪টি কলেজের মধ্যে ছয়টি সরকারি কলেজ রয়েছে। পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধা, দক্ষ ও যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও কলেজগুলো কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। বোর্ডের ২৮৮টি কলেজের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজ ২৪৪তম হয়েছে। এ কলেজ থেকে ১০৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৫২ জন। দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজ থেকে ১৫৫ জন পরীক্ষা দিয়ে ৭১ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৪৯তম। দেবীদ্বার সরকারি এস এ কলেজ থেকে ৬৭৪ জন পরীক্ষা দিয়ে ২৯৯ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৫৩তম। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ থেকে ৬৩৭ জন পরীক্ষা দিয়ে ২৬৯ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৫৬তম। ফেনীর সোনাগাজী সরকারি কলেজ থেকে ১২৩ জন পরীক্ষা দিয়ে ৪৯ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৬৫তম। ফেনীর পরশুরাম সরকারি ডিগ্রি কলেজ থেকে ২৮২ জন পরীক্ষা দিয়ে ১০৩ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৭৩তম।শিক্ষকনেতা ও রাজনীতিবিদদের কলেজেও ফল বিপর্যয়: বুড়িচং এরশাদ কলেজ থেকে ২৭২ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছেন ১৩৪ জন। বোর্ডে ওই কলেজের অবস্থান ২৩৭তম। এ কলেজের অধ্যক্ষ আলী হোসেন চৌধুরী বুড়িচং উপজেলা শাখা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি। কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় থেকে ৪০১ জন পরীক্ষা দিয়ে ১৬৭ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৫৭তম। এ কলেজের অধ্যক্ষ এ কে এম আলকাছুর রহমান বাকশিস কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক। নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে ২৮ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৬০তম। এ কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরিচালনা কমিটির সভাপতি সাংসদ আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাশফি কামাল। নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল কলেজ থেকে ১০৫ জন পরীক্ষা দিয়ে ৩০ জন পাস করেছেন। বোর্ডে এর অবস্থান ২৮১তম। ওই কলেজের অধ্যক্ষ শাহজাহান চৌধুরী কুমিল্লা জেলা বাকশিসের সভাপতি।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, কলেজগুলোর ফল খারাপ হওয়ার কারণ নির্ণয়ের জন্য ওই চিঠি দেওয়া হয়েছে।