৫৪ ধারা থেকে তাহমিদকে অব্যাহতি
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে তাহমিদ হাসিব খানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।
একই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানোয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হাসনাত রেজা করিমকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর হাকিম নূর নবী এই আদেশ দেন।
গত ২৮ সেপ্টেম্বর আদালতে এক প্রতিবেদন দিয়ে তাহমিদকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে পুলিশ। তাহমিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় তদন্ত শেষে তাঁকে অব্যাহতির আবেদন করা হয়। অব্যাহতি-সংক্রান্ত এই আবেদনের ওপর আজ শুনানি হয়। শুনানি শেষে আদেশ দেন আদালত।
হলি আর্টিজানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার হয়েছিলেন তাহমিদ। ২ অক্টোবর আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। ওই দিন রাতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
তাহমিদের মতো হাসনাত করিমকেও ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল। তবে ১৩ আগস্ট হাসনাত করিমকে হলি আর্টিজানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।
গত ১ জুলাই রাতে জঙ্গিরা গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে জিম্মি করা ১৮ বিদেশি নাগরিকসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে। তার আগে তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের বোমার আঘাতে পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের নেতৃত্বে জিম্মি উদ্ধার অভিযানে হামলাকারী পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হন। অভিযানের আগে ও পরে ওই রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় ৩২ জন জিম্মিকে। তাঁদের মধ্যে তাহমিদ ও হাসনাত ছিলেন। ৩ আগস্ট এই দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ।