নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ মেলায় এবং এ-সংক্রান্ত দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলাম সাবেক এই তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এম এম রানাকে ৫৪ ধারা থেকে অব্যাহতির আদেশ দেন।
একই সঙ্গে আদালত আগামী ২০ আগস্ট সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার পরবর্তী তারিখ ধার্য করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন।
হাইকোর্টের নির্দেশে র্যাব-১১-এর তৎকালীন এই তিন কর্মকর্তার মধ্যে দুজনকে গত ১৬ মে রাতে ও একজনকে ১৮ মে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে তাঁরা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরপর তাঁদের মূল মামলা দুটিতে গ্রেপ্তার দেখানো হয়।
কাউন্সিলর নজরুল ইসলাম ও চার সহযোগীকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা হায়াত বাদী হয়ে এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালককে হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা করেন।
গতকাল চন্দন সরকার হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য তারিখ ছিল। ওই তিন কর্মকর্তাসহ গ্রেপ্তার হওয়া ১৩ জনকে আদালতে হাজিরা শেষে আবার কারাগারে পাঠানো হয়।