অভিযানের নামে সন্দেহজনক ধারার (৫৪ ধারা) অপব্যবহার করে নিরীহ লোকজনকে গ্রেপ্তার এবং তা নিয়ে বাণিজ্য বন্ধ করতে অধস্তন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার। এছাড়া ডিএমপির অধ্যাদেশে গ্রেপ্তার করাকে নিরুৎসাহিত করা হয়েছে।
পুলিশের গ্রেপ্তার-বাণিজ্য নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া গত ২২ ফেব্রুয়ারি এ নির্দেশনা দেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘ধরে এনে টাকা আদায়, পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
ডিএমপির অপরাধ বিভাগের সব উপকমিশনার (ডিসি) থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পর্যায়ে দেওয়া ডিএমপি কমিশনারের নির্দেশনাপত্রে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এবং ডিএমপি অধ্যাদেশে কাউকে গ্রেপ্তার করতে নিরুৎসাহিত করা হয়েছে। এর পরও মোট গ্রেপ্তারের একটি বড় অংশ ডিএমপি অধ্যাদেশ ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হতে দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রয়োজন না হলে ৫৪ ধারা ও ডিএমপির অধ্যাদেশ প্রয়োগে নিরুৎসাহিত করা হয়েছে। চিঠিটি ইতিমধ্যে ডিএমপির অপরাধ বিভাগের সংশ্লিষ্ট বিভাগের ডিসি, এডিসি, এসি ও ওসির কাছে পৌঁছেও গেছে।
পুলিশের একজন কর্মকর্তা জানান, গুরুতর অপরাধ নয়—এমন ঘটনায় সাধারণত ডিএমপি অধ্যাদেশ প্রয়োগ করা হয়। এই অধ্যাদেশে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ক্ষেত্রবিশেষে জরিমানা নিয়ে আদালত জামিন দেন। অনেক সময় পুলিশও মুচলেকা নিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে থানা থেকে ছেড়ে দেয়।
নির্দেশনাপত্রে ডিএমপি কমিশনার আরও বলেন, জণগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান সহিংসতা ও নাশকতা দমনে ডিএমপি নানা ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। কিন্তু শুধু কথিত গ্রেপ্তার-বাণিজ্যের মাধ্যমে নিরীহ জনগণকে হয়রানি করার ব্যাপক অভিযোগ ওঠায় ডিএমপির কর্মপ্রয়াস ও সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। নিরীহ জনগণকে গ্রেপ্তার করে তাদের নিয়ে বাণিজ্য ও মামলায় আসামি করে হয়রানি করছে কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রচার হওয়ায় বাংলাদেশ পুলিশ ও ডিএমপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নাশকতা ও সহিংসতা রোধে ডিএমপির বিশেষ অভিযান নাগরিকদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে।