৫৪ ধারায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে প্রতিদিনই কেউ না কেউ কারাগারে যেতেন। কিন্তু গতকাল বুধবার এই ধারায় কাউকে গ্রেপ্তার করেনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আদালতে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রহমান গতকাল প্রথম আলোকে এ তথ্য জানান।
ডিএমপির পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত ৫৪ ধারায় ২১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। ৫৪ ধারায় কেবল সন্দেহের বশবর্তী হয়ে যে কাউকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে।
সর্বশেষ গত মঙ্গলবার একরামুল হক (৩০) নামের একজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পাশে ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে তাঁকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ। তাঁকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদন দিয়ে বলে, একরাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে আসা বিভিন্ন লোকজনকে বিভিন্ন কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেন। তদন্ত করে এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে প্রায় ১৩ বছর আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন। তা বহাল রেখে গত মঙ্গলবার রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশনাগুলোর মধ্যে ছিল ৫৪ ধারায় গ্রেপ্তার কাউকে নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া যাবে না। গ্রেপ্তারের সময় পুলিশকে পরিচয়পত্র দেখাতে হবে।