দেশের মিঠাপানিতে ২৬০ প্রজাতির মাছ ও ২৪ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে। কিন্তু প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট নানা কারণে মিঠাপানির ১২ প্রজাতির মাছ চরম বিপন্ন। ৫৪ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত। ২৮ প্রজাতির মাছ বিপন্ন এবং ১৪ প্রজাতির মাছ সংকটাপন্ন অবস্থায় আছে।
গতকাল রোববার সংসদে এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ তথ্য জানান। মন্ত্রী আরও জানান, দেশীয় প্রজাতির কই, শিং, পাবদা, ভেদা, সরপুঁটি, বাইমসহ শতাধিক প্রজাতির মিঠাপানির মাছের উৎপাদন বাড়ানোর জন্য মৎস্য অধিদপ্তর উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
স্বতন্ত্র জোটের নেতা হাজি মোহাম্মদ সেলিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে যৌতুক নিরোধ আইনের অধীনে ৪৬ হাজার ৭৫৪টি মামলা বিভিন্ন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে।
স্বতন্ত্র সাংসদ পংকজ নাথের সম্পূরক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছিলেন, নদীর নাব্যতা রক্ষায় এবং বন্যার প্রকোপ কমাতে মূল নদীগুলোর ক্যাপিটাল ড্রেজিং করা হবে এবং এ কাজ চলতে থাকবে। তবে নদীগুলোর নাব্যতা রক্ষায়, পানির প্রাপ্যতা এবং পানি সংরক্ষণ নিয়ে মহাপরিকল্পনা নেওয়া প্রয়োজন।
সম্পূরক প্রশ্নে হাজি মোহাম্মদ সেলিম বলেন, দুটি গণতান্ত্রিক সরকার ও একটি জরুরি সরকার গেছে, কিন্তু গাবতলী থেকে সদরঘাট পর্যন্ত বাকল্যান্ড বাঁধটি মেরামত করা হয়নি। হাজি সেলিম পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে বাঁধটি পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেন, ‘একবার ঘুইরা ধুলা-বালি খাইয়া যায়েন। ওই রাস্তা দিয়ে যারা যায়, তারা একবার করে প্রধানমন্ত্রী আর লোকাল এমপির কথা মনে করে।’
তবে মন্ত্রী জানান, বাঁধটি তাঁর মন্ত্রণালয়ের অধীনে কি না, সেটি তিনি জানেন না। প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটা ৪০ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।