বরগুনা ও পটুয়াখালীতে ৫৪টি বৈদ্যুতিক খুঁটি অপসারণে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের দুই পাশ প্রশস্তকরণের কাজ ব্যাহত হচ্ছে।
এ ছাড়া মহাসড়ক বর্ধিতকরণ প্রকল্পের আওতায় বরগুনা অংশের গৌরীচন্না বাজার এলাকায় একটি সেতুর নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ কারণে পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট দুই বিভাগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সওজ বিভাগের বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল ১২ ফুট প্রশস্ত আঞ্চলিক মহাসড়ককে ১৮ ফুট প্রশস্ত করার জন্য সওজ বিভাগ ১৪৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। এর আওতায় ৫৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও চারটি সেতু নির্মাণ করা হবে। গত বছরের জুন মাসে ৭৯ কোটি টাকা ব্যয়ে চারটি গুচ্ছে বরগুনার চান্দখালী থেকে পটুয়াখালীর কাঁঠালতলী পর্যন্ত ৩২ কিলোমিটার মহাসড়কের কাজের অনুকূলে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় সওজ। গত নভেম্বরে কাজ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, এই সড়কের বরগুনার গৌরীচন্না, খানবাড়ি; পটুয়াখালীর গলাচিপা, মহিষকাটা, গাবুয়া বাজার এলাকায় পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) ১০টি এবং বরিশালের নিউমার্কেট, পটুয়াখালীর সুবিদখালী, গাবুয়া, মহিষকাটা, গলাচিপা, বরগুনার চান্দখালী, খানবাড়ি ও গৌরীচন্না এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৪৪টি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি রয়েছে।
সওজের বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ওজোপাডিকোর খুঁটিগুলো অপসারণের জন্য তাদের (ওজোপাডিকো) চাহিদা অনুযায়ী ৯ লাখ ২৭ হাজার ও পল্লী বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের জন্য ৬ লাখ ৫৭ হাজার ৬৩৯ টাকা গত বছরের জুনে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। কিন্তু খুঁটি অপসারণ করা হয়নি। এই মহাসড়কের গৌরীচন্না বাজার এলাকায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু করেও বন্ধ রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত বৃহস্পতিবার জানতে চাইলে এই কাজের ঠিকাদার মাহফুজ খান বলেন, ‘সেতু নির্মাণের কাজ শুরু করে বেশ কিছুদূর অগ্রসর হলেও এই এলাকায় ছয়টি খুঁটি অপসারণ না করায় কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছি। এদিকে আমাদের কার্যাদেশে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়ে যাচ্ছে।’
সওজের বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘গত বছরের ৩০ জুন বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের জন্য আমরা ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতিকে চাহিদামতো অর্থ দিয়েছি। কিন্তু তারা খুঁটি স্থানান্তর করেনি। এরপর আমরা বেশ কয়েক দফা মৌখিকভাবে তাগাদা দিয়েছি। কিন্তু কাজ হয়নি। এই দুই বিভাগের অসহযোগিতার কারণে প্রকল্প বাস্তবায়ন হুমকির সম্মুখীন। আমাদের আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো পথ দেখছি না।’
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজাইন টেকনিক্যাল) সিফাত উদ্দিন বলেন, ‘আমরা ঠিকাদারের মাধ্যমে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ শুরু করেছি। গৌরীচন্না বাজারসংলগ্ন খুঁটিগুলোর স্থানান্তরের টাকা আমরা পাইনি। তাই আগের খুঁটি স্থানান্তরের জন্য যে টাকা সওজ আমাদের দিয়েছিল, তা সমন্বয় করে কাজ করতে হবে। পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ যৌথভাবে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরই সেতুর কাজ শুরু হবে।’
বরগুনা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মনজুরুল ইসলাম বলেন, ‘গৌরীচন্না বাজারের আমাদের খুঁটি যে স্থানে স্থানান্তর করা হবে, সেখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় আমরা কাজ করতে পারছি না। পল্লী বিদ্যুতের খুঁটি স্থানান্তরিত হলেই আমাদের খুঁটি স্থানান্তরের কাজ শুরু করব।’