
রাজধানী ঢাকার ৫৪টি মোড় প্রাণঘাতী রূপ নিয়েছে। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ছয় বছরে এসব মোড়ে সড়ক দুর্ঘটনায় ১৮৯ জন মারা গেছে। তাদের ৫৪ শতাংশই পথচারী। চালকের বেপরোয়া মনোভাব, পথচারীদের অসচেতনতা ও সড়কের ত্রুটির কারণেই এসব দুর্ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। সরকারিভাবে সড়ক দুর্ঘটনার তথ্য সংরক্ষণ করে বাংলাদেশ পুলিশ। তাদের কাছ থেকে তথ্য নিয়ে তা বিশ্লেষণ করে এআরআই। গত বছরের তথ্য এখনো পায়নি এআরআই।
গত শনিবারই রাজধানীর মৎস্য ভবনের সামনে ও শাহবাগ মোড়ে আট ঘণ্টার ব্যবধানে বাসের চাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়।
এআরআইয়ের বিশ্লেষণে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ঢাকার ৫৪টি ব্যস্ত মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটে ৩০৩টি। এসব দুর্ঘটনায় মারা যায় ১৮৯ জন। আহত হয় ৯৯ জন। অর্থাৎ, আহতের তুলনায় নিহতের সংখ্যা প্রায় দ্বিগুণ। এসব মোড়ের কোনোটি গোলচত্বর, কোনোটি ইংরেজি টি বর্ণের আকৃতির। কোথাও কোথাও রেলওয়ে ক্রসিং রয়েছে।
এ বিষয়ে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও এআরআইয়ের সাবেক পরিচালক সামছুল হক প্রথম আলোকে বলেন, মোড়গুলোতে অধিক যান ও মানুষ অবস্থান করে। চলাচলও হয় বহুমুখী। ফলে মোড়গুলোতে ঝুঁকির মাত্রা একটু বেশি। ঢাকার বাসচালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা চলে। আর ফুটপাত দখলের কারণে মানুষ যেভাবে সড়ক ধরে হাঁটে, তাতে হতাহতের সংখ্যা যে আরও বেশি নয়, সেটাই ভাগ্য। যানজট কিছুটা বাঁচিয়ে দিয়েছে।
ঢাকার পথচারীরা সবচেয়ে অরক্ষিত বলে মনে করেন অধ্যাপক সামছুল হক। তিনি বলেন, ঢাকায় বাসে বাসে ধাক্কাধাক্কি প্রচুর হয়। এতে ভেতরের যাত্রীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু দুর্ঘটনায় পথচারী সম্পৃক্ত হলেই তা প্রাণঘাতী হয়। এটা বন্ধ করতে হলে প্রতিটি পথে একটি কোম্পানির অধীনে সব বাস পরিচালনার পরামর্শ দেন তিনি। এতে বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা কমে যাবে। ফুটপাতগুলো দখলমুক্ত করাসহ পথচারীদের সচেতন করার পরামর্শও দেন তিনি। তিনি বলেন, মোড়গুলোতে যেসব পদচারী-সেতু নির্মাণ করা হয়েছে, তা পথচারীবান্ধবও নয়।
এআরআইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ছয় বছরে সড়ক দুর্ঘটনার অন্তত ১১৭টিতে পথচারীরা আক্রান্ত হয়েছে। এর মধ্যে পথচারী মারা গেছে ১০১ জন। ঢাকার সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ স্থান হচ্ছে উত্তরার জসীমউদ্দীন সড়কের মোড়টি। গত ছয় বছরে এই মোড়ে সর্বাধিক ২৪টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় মারা গেছে ১৭ জন, যার মধ্যে ১৬ জনই পথচারী। রাজধানীর ফার্মগেট, কাকলী, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ মোড়। ছয় বছরে এই চারটি স্থানে ৬৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে ৫১ জনের। এর মধ্যে পথচারীই ৪০ জন।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ঢাকার কিছু স্থানে দুর্ঘটনা হয়, এটা ঠিক। তবে এসব স্থান স্থায়ী নয়। একেক বছর একেক স্থানে বেশি দুর্ঘটনা হয়। এ কারণে স্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। তারপরও যেসব স্থানে দুর্ঘটনা বেশি ঘটছে, সেখানে বেশি করে ট্রাফিক সার্জেন্টদের দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে। তিনি বলেন, এ ক্ষেত্রে পুলিশের চেয়ে চালক ও পথচারীর ভূমিকা সবচেয়ে বেশি।
এআরআইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ছয় বছরে ১০টি করে দুর্ঘটনা ঘটেছে এমন মোড়ের মধ্যে রয়েছে সোনারগাঁও-পান্থপথ-ইটিভি মোড়, বিজয় সরণি, জোয়ার সাহারা, শ্যামলী সিনেমা হলের সামনের মোড়। এসব মোড়ে প্রাণহানি হয়েছে ১৬ জনের। শাহবাগ মোড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনা ঘটেছে আটটি এবং মারা গেছে চারজন।
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, বাসের অসুস্থ প্রতিযোগিতা বন্ধে ১৮৯টি কোম্পানিকে পাঁচটিতে নিয়ে আসার চেষ্টা চলছে। এটা হলে বেপরোয়া বাস চলবে না। যত পরিকল্পনাই নেওয়া হচ্ছে বা হয়েছে তার সবকিছুই পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে।
খাদিজার দাফন সম্পন্ন: গত শনিবার নগরের শাহবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত খাদিজা আক্তারকে গতকাল কুমিল্লায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তার ভগ্নিপতি ওমর ফারুক জানান, গতকাল বিকেলে খাদিজাকে দাফন করা হয়।