৫৪ যাত্রী নিয়ে ইতিহাসের পথে ডিসি-১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষবারের মতো যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে বিশ্বের বিমান সংস্থাগুলোর বহরে থাকা সবচেয়ে পুরোনো উড়োজাহাজ ‘ডিসি-১০’। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই উড়োজাহাজ গতকাল বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশে ছেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ডস অ্যান্ড ডগলাস কোম্পানির নির্মিত এই উড়োজাহাজের শেষ উড়ালে যাত্রী হয়ে ইতিহাসের সাক্ষী হলেন ৫৪ জন। এঁদের মধ্যে ২৯ জন বিদেশি সাংবাদিক, ২৪ জন বাণিজ্যিক যাত্রী ও একজন বিমানের কর্মকর্তা। এটিই বিশ্বে ডিসি-১০ দিয়ে শেষ যাত্রী পরিবহন।
বিমান সূত্র জানায়, বার্মিংহামে তিন দিন অবস্থান করবে ৩১৪ আসনের এ ডিসি-১০। ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বার্মিংহামের আকাশে প্রতিদিন তিনটি প্রদর্শনী উড়ালের আয়োজন করা হয়েছে শৌখিন বিমান ভ্রমণকারীদের জন্য। প্রতিটি উড়ালে এক ঘণ্টা করে আকাশে থাকবে উড়োজাহাজাটি। পরে এর ঠাঁই হবে যুক্তরাষ্ট্রের জাদুঘরে। বার্মিংহামের আকাশে এক ঘণ্টার উড়ালের জন্য কেবল জানালা ও তার পাশের আসনের জন্য টিকিট বিক্রি হচ্ছে। এ রকম আসন ১৪৪টি। জানালার পাশের আসনের টিকিটের মূল্য ১৫০ ব্রিটিশ পাউন্ড এবং পাশের আসন ১০০ পাউন্ড। শেষ স্মরণীয় যাত্রায় টিকিটের দাম ৫০ পাউন্ড করে বেশি।
বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. শাহ নেওয়াজ জানান, প্রদর্শনী উড়ালে টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। ইতিমধ্যে অনলাইনে প্রথম দুদিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।
উড়োজাহাজটি ১৯৮৯ সালে বাংলাদেশের বিমানবহরে যুক্ত হয়। ম্যাকডোনাল-ডগলাস কোম্পানি প্রথম ডিসি-১০ উড়োজাহাজ তৈরি করে, যা আকাশে ওড়ে ১৯৭০ সালের ২৯ আগস্ট। ১৯৭১ সালে আমেরিকান এয়ারলাইনসের মাধ্যমে যাত্রা শুরু করে তিন ইঞ্জিনবিশিষ্ট এই উড়োজাহাজ। ১৯৮৯ সাল পর্যন্ত এর উৎপাদন অব্যাহত ছিল। ১৯৯০ সালে ম্যাকডোনাল-ডগলাস একীভূত হয় বোয়িং কোম্পানির সঙ্গে।
ডিসি-১০-এর যাত্রীবাহী উড়োজাহাজ এখন আর কোনো বিমান সংস্থা ব্যবহার করে না। তবে মালবাহী উড়োজাহাজ হিসেবে এখনো কয়েকটি বিমান সংস্থা এটি ব্যবহার করছে।