ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য ভাগ পেতে একটি সমন্বিত পরিকল্পনা করার দাবি জানিয়েছেন বাম রাজনীতিক ও বিশেষজ্ঞরা। গতকাল শনিবার রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত এক সংলাপে তাঁরা এ দাবি জানান।
‘তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার উপায় ছিল’ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ সংলাপের বিষয়বস্তু।
সংলাপে জাতিসংঘের অভিন্ন নদীবিষয়ক ‘কনভেনশন অব দ্য ল অব নননেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটারকোর্সেস’-এ বাংলাদেশকে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বিশ্বের ৩৪টি দেশ এতে স্বাক্ষর করেছে, ৩৫টি দেশ হলে তা একটি আইনে পরিণত হবে। এটি আইনে পরিণত হলে বাংলাদেশ ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য আন্তর্জাতিক পরিসরে আইনি লড়াই চালাতে পারবে।
সংলাপে সভাপতির বক্তব্যে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য ভাগ না পাওয়ায় বাংলাদেশের কৃষি ও পরিবেশের কী ক্ষতি হলো, তার একটি পূর্ণাঙ্গ হিসাব তৈরি করতে হবে। এ বিষয়ে সরকার যদি শ্বেতপত্র প্রকাশ না করে তবে সিপিবি ও বাসদই তা করবে।
অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, নদী বাংলাদেশের জীবন। এই জীবন রক্ষায় দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
পানিবিশেষজ্ঞ মুহাম্মদ ইনামুল হক বলেন, বাংলাদেশ ভারত হয়ে আসা অভিন্ন নদীগুলো থেকে কী পরিমাণে পানি পাচ্ছে আর কী পরিমাণে দরকার তার একটি পূর্ণাঙ্গ হিসাব গবেষণার মাধ্যমে প্রস্তুত করা দরকার। তার ভিত্তিতে পানি নিয়ে ভারতের সঙ্গে দর-কষাকষি করা যাবে।