৫৪০ প্রার্থীর মধ্যে নারী মাত্র ২৭ জন
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৫৪০ জন প্রার্থীর মধ্যে মাত্র ২৮টি আসনে ২৭ জন নারী (শেখ হাসিনা দুটি আসনে প্রার্থী হয়েছেন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে নারী সাতজন।
নবম সংসদ নির্বাচনে ৬৪টি আসনে ৫৯ জন নারী প্রার্থী ছিলেন। গত নির্বাচনে মোট প্রার্থী ছিলেন এক হাজার ৫৬৭ জন। ওই নির্বাচনে শেখ হাসিনা তিনটি, খালেদা জিয়া তিনটি ও রওশন এরশাদ দুটি আসনে প্রার্থী ছিলেন এবং ২৩টি আসনে ১৯ জন নারী নির্বাচিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে নারীদের অংশগ্রহণ কম। এ ছাড়া এবারের সহিংস রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কতজন নারী নির্বাচিত হতে পারবেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নারীনেত্রীরা।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে মনোনয়নপ্রাপ্ত এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী শিরীন আখতার প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন করার জন্য নারীদের মনোনয়ন পাওয়াটাই এখন পর্যন্ত বড় বাধা। তবে নারীদেরও সক্ষমতা অর্জন করতে হবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য।
নারী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনসংখ্যা বাড়ানো এবং সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়ার দাবি দীর্ঘদিনের। নবম সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। অন্যদিকে সাধারণ আসনে রাজনৈতিক দল থেকে নারীদের মনোনয়ন পাওয়াই এখনো বড় চ্যালেঞ্জ। এ ছাড়া মনোনয়ন পেলেও রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও টাকার খেলার কারণে নারীদের নির্বাচন করা খুব সহজ হয় না।
এবার মনোনয়ন পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী প্রার্থী জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার জন্য নিজের জমি ও গয়নাও বিক্রি করতে হয়েছে। দল থেকে কিছু সহায়তা পাওয়ার আশা আছে। তবে শেষ পর্যন্ত আরও কত টাকা খরচ হবে, তা বুঝতে পারছেন না। এ ছাড়া একই আসনের প্রভাবশালী পুরুষ প্রার্থীর পক্ষ থেকে হুমকিও আছে।
এবার নতুন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মনোনয়নপ্রাপ্ত বরিশাল-৪ আসনের প্রার্থী আনজুমান সালাহউদ্দিন বলেন, বিএনএফ থেকে মাত্র দুজন নারী মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন। হরতাল-অবরোধের কারণে অন্যরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
এবারের নির্বাচনে ২৭ জন নারীর মধ্যে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ থেকে ১৪টি আসনে মনোনয়ন পেয়েছেন ১৩ জন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ২১ জন, নির্বাচিত হয়েছিলেন ১৫ জন। সে হিসাবে এবার দলটি থেকে নারীরা কম মনোনয়ন পেয়েছেন।
গত নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন ১৪ জন নারী, নির্বাচিত হন তিনজন (খালেদা জিয়ার তিনটি আসনসহ)। জাতীয় পার্টি থেকে মনোনয়ন পাওয়া তিনজনের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া আটজন নারীর কেউই গত নির্বাচনে বিজয়ী হননি। এ ছাড়া জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে নির্বাচনে অংশ নিয়েও কোনো নারী বিজয়ী হননি।
এবার আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টির চারজন, জাতীয় পার্টির (জেপি) দুজন, জাসদের একজন, বিএনএফের দুজন এবং স্বতন্ত্র হিসেবে পাঁচজন নারী নির্বাচন করছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টি সব সময়ই অবহেলিত। এবারের নির্বাচনে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও টাকার খেলার মুখে কতজন টিকতে পারবেন, সেটাও বড় প্রশ্ন।