৫৪৭ প্লট সাত বছরেও হস্তান্তর করা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন লেকসিটি আবাসিক প্রকল্পের ৫৪৭টি প্লট সাত বছরেও মালিকদের বুঝিয়ে দিতে পারেনি। আগামী এক বছরের মধ্যে এসব প্লট হস্তান্তরের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই প্রকল্পের ৫৪৭টি প্লট বিক্রি করে করপোরেশন আয় করেছে প্রায় ৮৩ কোটি টাকা। এখন দ্রুত সময়ে প্লট হস্তান্তর করতে সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত ধরনা দিচ্ছেন মালিকেরা।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের ফয়’স লেকের পেছনে লেক সিটি আবাসিক প্রকল্প গড়ে তোলার জন্য ২০০৩ সালে ৩১ একর উঁচু-নিচু পাহাড়ি জায়গা ক্রয় করে সিটি করপোরেশন। ২০০৬ সালের শেষের দিকে আড়াই কাঠা আয়তনের এসব প্লট বরাদ্দ দেওয়া শুরু হয়। প্রতি কাঠার দাম রাখা হয় ছয় লাখ টাকা। এই হিসাবে সিটি করপোরেশন মোট ৮২ কোটি পাঁচ লাখ টাকা আয় করে।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমতি নিতে অনেক সময় লেগেছে। এখন প্রকল্প এলাকার উন্নয়নকাজ শুরু হয়েছে। প্লটিং করতে বছর খানেক সময় লাগবে। এর পরই প্লট হস্তান্তর করা হবে।
লেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতির সাধারণ সম্পাদক আফাজ উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০০৯ সালে অর্থ পরিশোধ করলেও এখনো আমাদের প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। দ্রুত প্লট হস্তান্তরের জন্য অনেক দিন ধরে দেন-দরবার করে আসছি। কিন্তু কোনো ফল হয়নি।’
প্রকল্প পরিচালক ও সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, করপোরেশনের সম্পদ (এস্টেট) বিভাগ প্লট হস্তান্তরের বিষয়টি ভালো বলতে পারবে। বর্তমানে ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্প এলাকার মাটি সমান করার কাজ চলছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রকল্প এলাকায় প্রবেশমুখের রাস্তাটি এখনো কাঁচা। সামনের অংশে টিনের ঘেরাও দেওয়া হয়েছে। এর ভেতর কয়েকটি চায়ের দোকান ও একটি আনসার ক্যাম্প রয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকার কিছু অংশে তিনটি এক্সকাভেটর দিয়ে মাটি সমান করার কাজ চলছে।
সিটি করপোরেশনের সম্পদ বিভাগের প্রধান আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রকৌশল বিভাগ উন্নয়নের কাজ শেষ করার পর প্লট বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য এক বছর সময় লাগবে। তবে দ্রুত প্লট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা।’