৫৫ আসনে আ.লীগ বনাম আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আাঁাকা: শিশির
আাঁাকা: শিশির

৩০০ আসনের মধ্যে ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছেন ১৫৩ জন। আজ ভোট হচ্ছে ১৪৭ আসনে। এর মধ্যে ১২০টি আসনে আওয়ামী লীগের প্রার্থী আছেন। শরিক দলের জন্য ছেড়ে দেওয়ায় ২৭টিতে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই।
ওই ১২০টির মধ্যে অর্ধেক আসনেই আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই দলের নেতারা।
দলীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, অন্তত ৫৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা নিজ দলের প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এসব আসনে আওয়ামী লীগ স্থানীয়ভাবে দ্বিধাবিভক্ত।
খোঁজ নিয়ে জানা যায়, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর শক্ত প্রতিপক্ষ হয়ে আছেন দলের দুই বিদ্রোহী প্রার্থী। শেরপুর-২ আসনে মতিয়ার বিরুদ্ধে লড়ছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা। ফরিদপুর-৪ আসনে জাফর উল্যাহর বিরুদ্ধে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়।
বদিউজ্জামান স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘অশনিসংকেত দেখতে পাচ্ছি। তবে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে বিজয়ী হব।’
পাবনা-১ আসনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে লড়ছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। ময়মনসিংহ-৩ আসনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের প্রতিপক্ষ হয়েছেন নিজ দলের নাজনীন আলম।
ঢাকা মহানগরের আটটি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া একটি আসনে আওয়ামী লীগের এক নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন। ঢাকা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফা জালাল মহিউদ্দিন। এখানে তাঁর বিরুদ্ধে লড়ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সেলিম।
ঢাকা-১৫ আসনে কামাল আহমেদ মজুমদারের প্রতিপক্ষ বর্তমান সাংসদ ইলিয়াস মোল্লাহর ভাই এখলাস মোল্লা। আবার ঢাকা-১৬ আসনে ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধে নির্বাচন করছেন ছাত্রলীগের সাবেক নেতা এস এ মান্নান।
এ ছাড়া জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদকে ছেড়ে দেওয়া আসনের মধ্যে ১৪টি আসনে আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী।
গাইবান্ধা-১ আসনে দলীয় প্রার্থী মঞ্জুরুল ইসলামের প্রতিপক্ষ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা খুরশীদ জাহান। গাইবান্ধা-২ আসনে বর্তমান সাংসদ মাহবুব আরা গিনির বিরুদ্ধে লড়ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মকদুবুর রহমান। গাইবান্ধা-৪ আসনে মনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গোলাম মোস্তফা বিশ্বাসের পথের কাঁটা বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের স্থানীয় নেতা খুরশিদ আলম। নওগাঁ-৩ আসনে আকরাম হোসেন চৌধুরীর প্রতিপক্ষ মহাদেবপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উদ্দিন। নওগাঁ-৫ আসনে আবদুল মালেকের প্রতিপক্ষ জেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
রাজশাহী-৩ আসনের সাংসদ মেরাজউদ্দিন মোল্লা দলীয় মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দল মনোনীত আয়েন উদ্দিনের বিরুদ্ধে। রাজশাহী-৬ আসনে শাহরিয়ার আলমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দলের সাবেক সাংসদ রায়হানুল হক। সিরাজগঞ্জ-৫ আসনে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এবার মনোনয়ন পাননি। মনোনয়ন দেওয়া হয়েছে আবদুল মজিদ মণ্ডলকে। ফলে লতিফ বিশ্বাস বেলকুচি উপজেলা আওয়ামী লীগের নেতা আতাউর রহমানকে স্বতন্ত্র প্রার্থী করেছেন।
মেহেরপুর-১ আসনের প্রার্থী ফরহাদ হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম। মেহেরপুর-২ আসনে আবদুল খালেকের প্রতিপক্ষ হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুল হোসেন। কুষ্টিয়া-১ আসনে আফাজউদ্দিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী। কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পেয়েছেন আবদুর রউফ। এখানে স্বতন্ত্র প্রার্থী সদরউদ্দিন খান। তিনি খোকসা উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য।
ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক মৎস্য প্রতিমন্ত্রী আবদুল হাই। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক নায়েব আলী জোয়ারদার। ঝিনাইদহ-২ আসনে শফিকুল ইসলামের প্রতিপক্ষ ছাত্রলীগের সাবেক সভাপতি নূর এ আলম সিদ্দিকীর ছেলে তানজীব আলম সিদ্দিকী।
যশোর-২ আসনে মনিরুল ইসলামের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম। যশোর-৪ আসনে দলীয় প্রার্থী রণজিৎ কুমার রায়ের বিরুদ্ধে লড়ছেন হুইপ শেখ আবদুল ওহাব। যশোর-৫ আসনে খান টিপু সুলতানের ভীতির কারণ হয়েছেন নিজ দলের স্বপন ভট্টাচার্য। মাগুরা-১ আসনে এম এস আকবরের প্রতিপক্ষ হয়েছেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া। মাগুরা-২ আসনে বীরেন শিকদারের প্রতিপক্ষ হয়েছেন মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।
এ ছাড়া বাগেরহাট-৪, সাতক্ষীরা-২, টাঙ্গাইল-৬, জামালপুর-২, ময়মনসিংহ-১১, নেত্রকোনা-১, নেত্রকোনা-২, মুন্সিগঞ্জ-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, হবিগঞ্জ-৪, কুমিল্লা-১, কুমিল্লা-৬, নোয়াখালী-৬, নড়াইল-২ আসনেও একই অবস্থা।
সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ওয়ার্কার্স পার্টির মোস্তফা লুৎফুল্লাহ। এখানে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা এস এম মজিবুর রহমান। কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মজিবুল হকের বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ মিজানুল হক। ময়মনসিংহ-৭ আসনে জাপার আবদুল হান্নানের বিরুদ্ধে লড়ছেন সাবেক সাংসদ রুহুল আমিন মাদানী। সিলেট-২ আসনে জাপার ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মুহিবুর রহমান। কুমিল্লা-৩ আসনে জাতীয় পার্টির ইকবাল হোসেনের বিরুদ্ধে আছেন আওয়ামী লীগের রোশন আলী। কুমিল্লা-২ আসনে জাপার আমির হোসেনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের ইউসুফ আবদুল্লাহ হারুন ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম।
লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তরীকত ফেডারেশনের এম এ আউয়াল। এখানে আওয়ামী লীগের সফিকুল ইসলামও প্রার্থী। ফেনী-৩ আসনে জাতীয় পার্টির রিন্টু আনোয়ারের বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের রহিমউল্লাহ। চট্টগ্রাম-২ আসনে তরীকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহমুদ হাসান।