৫৫ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত শুক্রবার গভীর রাত থেকে গতকাল শনিবার বেলা ১১টা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার রাস্তাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সন্ধ্যা সাতটার দিকে মুষলধারে বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানও বাড়তে থাকে। একপর্যায়ে মহাসড়কে যানবাহনের গতি কমে যানজট গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় বিস্তৃত হয়। গতকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমতে থাকে।
যানজটের কারণ হিসেবে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। রাস্তার পাশে মাটি ফেলতে ড্রাম ট্রাক আড়াআড়িভাবে রাখা হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তা ছাড়া মহাসড়কটির অনেক জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মোতালেব হোসেন বলেন, যানবাহন একটু থামলেই চালকেরা ঘুমিয়ে পড়েন। অনেকে নিয়ম না মেনে গাড়ি চালান। এসব কারণে যানজট লাগে।