৫৫ কোটি টাকার দরপত্রে ‘সমঝোতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৫৫ কোটি টাকার বাঁধ নির্মাণকাজের দরপত্র তফসিল দাখিলে সমঝোতার অভিযোগ উঠেছে। শুরুতেই অনিয়ম হওয়ায় ভোলাবাসী সঠিকভাবে কাজ বাস্তবায়ন না হওয়ার আশঙ্কা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদারের ভাষ্য, গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের প্রভাবশালী একটি পক্ষ সমঝোতা বৈঠকে বসে। সেখানে মোট টাকার শতকরা ৫ ভাগ টাকায় সমঝোতা হয়েছে। ভোলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহানসহ একাধিক ব্যক্তির ভাষ্য, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর মেঘনার ভাঙন থেকে ভোলা শহরসহ চারটি ইউনিয়নকে রক্ষার জন্য সরকার গত বছরের ডিসেম্বরে ১০৫ কোটি টাকা বরাদ্দ করে। ওই টাকার প্রথম ধাপে সদর উপজেলায় চারটি গ্রুপে ৪৫ কোটি টাকা ও বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষা প্রকল্পের দুটি গ্রুপে ১০ কোটি টাকার ব্লকবাঁধ নির্মাণ ও জিও টেক্সটাইল ব্যাগ ফেলার কাজের দরপত্র আহ্বান করা হয়। দরপত্র তফসিল দাখিলের শেষ দিন ছিল গত বুধবার। ভোলার পাউবো কার্যালয় সূত্রে জানা যায়, ব্যাংক থেকে ছয়টি গ্রুপে মোট ২৫টি দরপত্র তফসিল বিক্রি হয়েছে। কিন্তু জমা পড়েছে ২১টি। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসফিল্ড রক্ষা প্রকল্পে পাঁচটি এবং ভোলা শহর রক্ষা বাঁধ প্রকল্পে ১৬টি দরপত্র জমা পড়েছে। শুরুতে অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় সাংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ ভোলাবাসী নদীভাঙন প্রতিরোধের এ কাজ তদারকির জন্য সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান।ভোলা সদর আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান বলেন, ‘শুনেছি, আওয়ামী লীগের একটি পক্ষ সমঝোতা করে অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজটি পাইয়ে দিচ্ছে।’ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লা বলেন, ‘হরতালের কারণে অনেকেই শিডিউল কিনতে পারেননি। সামান্যসংখ্যক দরপত্র বিক্রি হয়েছে। কিন্তু যে কটি বিক্রি হয়েছে, তাও জমা পড়েনি। এতে সহজে অনুমেয়, দরপত্র দাখিলে সমঝোতা হয়েছে। আমি কোনো ঠিকাদারি করি না। তবে প্রত্যেক ভোলাবাসীর কাম্য, ভোলা শহর রক্ষা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম যেন না হয়। কিন্তু শুরুতেই অনিয়মের জন্ম হলো।’জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের ভাষ্য, ‘শুনেছি, শতকরা ৫ ভাগ টাকায় সমঝোতা করে আওয়ামী লীগ অদক্ষ কিছু ঠিকাদারকে দিয়ে ভোলা শহর রক্ষার কাজ করাতে যাচ্ছে। বহু আন্দোলনের পর ভাঙন প্রতিরোধে টাকা বরাদ্দ করেছে সরকার। এ ক্ষেত্রে অনিয়ম করা ঠিক হবে না।’ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘হরতালের কারণে অনেকে দরপত্র তফসিল কিনতে পারেননি সত্য, তবে কোনো অনিয়ম হয়নি। সব দরপত্র ঢাকায় নিয়ে মূল্যায়ন করা হবে।’