৫৫ দিন পর আজ খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নতুন করে তল্লাশির পর পরিচয়পত্র দেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চারটি হলের শিক্ষার্থীদের গতকাল শনিবার হলে ঢুকতে দেওয়া হয়। এর মধ্যে বেলা ১১টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পঞ্চম তলার শৌচাগার থেকে দুটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।
অন্যদিকে গত ৩১ জুলাই রাতে কাজী নজরুল ইসলাম হলে ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে এক নেতার প্রাণহানির ৫৫ দিন পর আজ রোববার বিশ্ববিদ্যালয় খুলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, গতকাল সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল খুলে দেওয়া হয়।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহবুব বলেন, ‘হলের সিলগালা খোলার পর প্রশাসনসহ আমরা তল্লাশি করি। তল্লাশির একপর্যায়ে ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে একটি রিভলবার পাওয়া যায়।’
এদিকে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মেহেদী হাসান জানান, গত ৩১ জুলাই মধ্যরাতে এ হলে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিন ছাত্রের আসন সাময়িকভাবে বাতিল করা হয়। এর মধ্যে নৃবিজ্ঞান বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী সজন বরণ বিশ্বাসের কক্ষ তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র, গণিত বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী গোলাম দস্তগীর ফরহাদ ভাঙচুর ও মার্কেটিং নবম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন চৌধুরীর হলে অতীতের কর্মকাণ্ডের কারণে তাঁদের আসন সাময়িকভাবে স্থগিত করা হয়। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাঁদের হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ ছাড়া এ হলে এসে মারামারির ঘটনায় ব্যবস্থাপনা বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী রুপম দেবনাথ, গণিত ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রেজাউল ইসলাম মাজেদ ও ইংরেজি তৃতীয় ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একাডেমিক কাউন্সিল ও প্রক্টরিয়াল বডিকে জানানো হয়।
গত ৩১ জুলাই শোকের মাস আগস্ট উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মোমবাতি প্রজ্বালন শেষে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী এবং কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।