৫৫ দিন পর তালা খুললেন শিক্ষার্থীরা
টানা ৫৫ দিন পর ইউএসটিসির একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় তালা খুলে দেওয়ার পর হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল) নিবন্ধনের দাবিতে চলতি বছরের জানুয়ারি মাস থেকে টানা আন্দোলন করে আসছেন ইউএসটিসি এমবিবিএস তিনটি কোর্সের শিক্ষার্থীরা। পরে তাঁদের আন্দোলনের সঙ্গে আরও দুটি ব্যাচের শিক্ষার্থীরা যোগ দেন। আন্দোলনের একপর্যায়ে গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও একাডেমিক ভবনে তালা দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার একই দাবিতে ইউএসটিসির উপাচার্যকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
এমবিবিএস শিক্ষার্থীদের জন্য বিএমডিসির নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু নীতিমালার বাইরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউএসটিসিকে ১০ কোটি টাকা জরিমানা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৪ এপ্রিল জরিমানার ৩ কোটি টাকা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাকি ৭ কোটি টাকা তিন কিস্তিতে ১৯ এপ্রিল থেকে পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করার কথা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বুধবার দুপুরে ঢাকায় বিএমডিসির রেজিস্ট্রার মো. জাহিদুল হক বসুনিয়ার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন ইউএসটিসির চিকিৎসা অনুষদের ডিন এ এম এম এহতেশামুল হক ও ছয়জন শিক্ষার্থী। এ সময় রেজিস্ট্রার শিক্ষার্থীদের তাঁদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়টি জানান। এরপর শিক্ষার্থীরা গতকাল বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দেন।
শিক্ষার্থীরা নিবন্ধনের বিষয়ে আশ্বস্ত হয়ে একাডেমিক ভবন ও হাসপাতালের তালা খুলে দিয়েছেন বলে জানান ইউএসটিসির রেজিস্ট্রার অধ্যাপক বদরুল আমিন ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, শনিবার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে। অনেক দিন বন্ধ থাকায় হাসপাতালের ভেতরে ধুলাবালু জমেছে এবং তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এখন রোগী ভর্তি হলে হাসপাতালের কার্যক্রমও চলবে।
আন্দোলনরত শিক্ষার্থী মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের নিবন্ধনের ব্যাপারে বিএমডিসি প্রক্রিয়া শুরু করায় হাসপাতাল ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। এখন তাঁরা ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার অপেক্ষায় আছেন।
ইউএসটিসি কর্তৃপক্ষ ২০১১-১২ (২৫তম ব্যাচ) শিক্ষাবর্ষে ৪১০ জন, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৪১৪, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২৮০, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ৯০ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করে। অথচ প্রতি শিক্ষাবর্ষে ৭৫ জন করে শিক্ষার্থী ভর্তির কথা ছিল।