৫৫ বছর পর এই প্রথম সহ-উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জসিমউদ্দিন খান
মো. জসিমউদ্দিন খান

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সহ-উপাচার্য পেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ সোমবার সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. জসিমউদ্দিন খান সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন।
গতকাল রোববার রাতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬১ সালের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটিতে কোনো সহ-উপাচার্য ছিলেন না। কোনো উপাচার্য সহ-উপাচার্য নিয়োগের ব্যাপারেও কোনো পদক্ষেপ নেননি। বিশ্ববিদ্যালয় আইনের ১৩ ধারা এ(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের আচার্য আগামী চার বছরের জন্য সহ-উপাচার্য নিয়োগ দিয়েছেন।

পশুপুষ্টি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক জসিমউদ্দিন খান পশুপালন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৭৬ সালে সংশ্লিষ্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ১৯৯৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সময় পর সহ-উপাচার্য নিয়োগের বিষয়ে উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর বলেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কাজ বহু গুণ বেড়ে যাওয়ায় একজন উপাচার্যকে রীতিমতো হিমশিম খেতে হয়। এ কারণে বিশ্ববিদ্যালয়কে আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহ-উপাচার্য নিয়োগের সুপারিশ করা হয়েছিল।