৫৫ বছরে লালবাগ স্পোর্টিং ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলাধুলা আর সামাজিক কাজে অবদান রেখে চলেছে লালবাগ স্পোর্টিং ক্লাব l প্রথম আলো
খেলাধুলা আর সামাজিক কাজে অবদান রেখে চলেছে লালবাগ স্পোর্টিং ক্লাব l প্রথম আলো

এলাকার সমমনা তরুণদের আড্ডা হতো এখানে। সঙ্গে ছিল টেবিল টেনিস খেলার ব্যবস্থা। ১৯৬২ সালে এই আড্ডা থেকেই যাত্রা শুরু হয় লালবাগ স্পোর্টিং ক্লাবের। ৫৫ বছর ধরে খেলাধুলা আর সামাজিক কাজে অবদান রাখছে প্রতিষ্ঠানটি।
লালবাগের ২ নম্বর ঢাকেশ্বরী রোডের ক্লাব ভবনটি সহজেই নজর কাড়ে। পুরান ঢাকার পুরোনো একতলা বাড়ি, রেলিংঘেরা ছাদ পুরোনো দিনের কথাই মনে করিয়ে দেয়। রাস্তার পাশের তিনটি ঘর নিয়ে ক্লাব। তিনটি ঘরের ব্যাখ্যা দিলেন ক্লাবের দপ্তর সম্পাদক আসাদুর রহমান। নানা বয়সী সদস্য আছেন ক্লাবের। পঞ্চাশোর্ধ্ব আর চল্লিশোর্ধ্ব সদস্যরা দুটি আলাদা ঘরে আড্ডা জমান। আর তৃতীয় ঘরটি তরুণদের দখলে। সব মিলিয়ে ক্লাবের সদস্য প্রায় দুই হাজার।
সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলেন, ব্যারিস্টার আবুল হাশেম ও আবুল খায়ের ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা। ক্লাবের মূল কার্যক্রম ছিল ফুটবল ঘিরে। ক্লাবের ফুটবল টিমের প্রথম কোচ ছিলেন পাকিস্তান জাতীয় দলের ফুটবলার মালা। ষাটের দশকের জাতীয় ফুটবল টুর্নামেন্ট, শায়েস্তা খান কাপের আয়োজক ছিল লালবাগ স্পোর্টিং ক্লাব। স্বাধীনতার পর এই টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়।
পুরোনো সদস্যরা বলেন, ফুটবলের পাশাপাশি টেবিল টেনিস, দাবা, ক্যারম, ক্রিকেটসহ নানা টুর্নামেন্টের নিয়মিত আয়োজন হতো ক্লাবের পক্ষ থেকে। কায়সার হামিদ, পনির, আলফাজসহ জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উঠে এসেছেন এই ক্লাব থেকে। খেলাধুলার মধ্যে এখন শুধু ক্লাবের নিজস্ব ফুটবল টিম টিকে আছে। তৃতীয় বিভাগে ফুটবল খেলে দলটি।
দপ্তর সম্পাদক আসাদুর রহমান বলেন, খেলাধুলার চাইতে এখন বিভিন্ন সামাজিক কার্যক্রমেই বেশি সক্রিয় তাঁরা। প্রতি মাসে চক্ষুশিবিরের আয়োজন করেন তাঁরা। এ ছাড়া টিকা ক্যাম্প, এলাকার পরিচ্ছন্নতা অভিযান, চিকিৎসা ক্যাম্প নিয়ে তাঁদের নিয়মিত কার্যক্রম আছে। তিনি বলেন, অর্থনৈতিক কারণেই পুরান ঢাকার ক্লাবগুলোর কার্যক্রম কমে গেছে। অনেক ক্লাব বন্ধও হয়ে গেছে এ কারণে। তিনি বলেন, সদস্যদের চাঁদা দিয়েই সব খরচ মেটানো হয়। কোনো অনুদান নেই। একটা ভালো ফুটবল ক্লাব চালাতে বছরে ব্যয় হয় ২০ লাখ টাকার মতো। স্থানীয় ক্লাবগুলোর সেই টাকা নেই। পুরান ঢাকার ক্লাব সংস্কৃতির কারণে আগে এলাকার তরুণদের মধ্যে সামাজিক বন্ধন ছিল। এখন সবাই বিচ্ছিন্ন।