৫৫ মিনিট সাঁতরে তীরে জেলেরা
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকায় আজ বুধবার বিকেলে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ওই ট্রলারের পাঁচজন জেলে ৫৫ মিনিট সাগরে সাঁতার কেটে তীরে ফিরে আসেন। তাঁরা হলেন সালামত উল্লাহ, মো. হোসেন, রবি আলম, জিয়াবুল ইসলাম ও মো. আলম।
জেলে সালামত উল্লাহ জানান, আজ দুপুরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা মকতুল হোসেন ওরফে বেক্কাইয়ার মালিকানাধীন ট্রলারে করে বঙ্গোপসাগরের বদরমোকাম এলাকায় মাছ ধরতে যান তাঁরা। হঠাৎ করে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারের পাঁচজন জেলে ট্রলারে থাকা পানির জারের সাহায্যে প্রায় ৫৫ মিনিট সাঁতরে অক্ষত অবস্থায় ডাঙায় ফিরে আসেন।
ট্রলারমালিক মকতুল হোসেন বলেন, ওই স্থানে রাতে টান বেশি থাকার পাশাপাশি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। অন্য জেলেরা সাঁতার জানলেও মো. আলম সাঁতার জানতেন না। কিন্তু অন্যদের সহযোগিতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি (আলম) রক্ষা পেয়েছেন।
জানতে চাইলে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল হক প্রথম আলোকে বলেন, ট্রলারডুবির ঘটনাটি শুনেছি। ট্রলারে থাকা পাঁচ জেলে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারলেও ট্রলার এবং জাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।