৫৫ লাখ টাকার জাল নোটসহ পাঁচজন গ্রেপ্তারের পর রিমান্ডে
যাত্রাবাড়ী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গত মঙ্গলবার ৫৫ লাখ টাকার জাল নোটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বুধবার তাঁদের রিমান্ডে নিয়েছে ডিবি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নান্নু মিয়া ওরফে নান্নু মেম্বার, ইয়াছিন মোল্লা, হাবিবুর রহমান মোল্লা, রকিব হাসান ওরফে শাওন ও মো. সুজন।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ডিবির একাধিক দল অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর শেখেরপাড়া ও খিলগাঁও থানার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকার জাল নোটসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গতকাল তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ডিবির উপকমিশনার (পশ্চিম) মো. সাজ্জাদুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেন, তাঁরা পেশাদার জাল নোট বিক্রেতা। তাঁরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন মেয়াদে বাসা ভাড়া করে তাঁদের সহযোগীদের মাধ্যমে চক্র তৈরি করে তাঁদের দিয়ে মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি জাল নোট বিক্রি করে আসছেন। আসন্ন ঈদকে সামনে রেখে তাঁরা জাল নোট প্রস্তুত ও মজুত করে আসছিলেন।
বিদেশি মুদ্রাসহ আটক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধকোটি টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ নিজামুল হক ফরায়েজি (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে বহির্গমন লাউঞ্জের চেকিং শেষে বিমানে ওঠার আগে তাঁকে আটক করা হয়। তিনি কাতার এয়ারের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক যাত্রীর কাছ থেকে কাতার, জর্ডান, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিপুল পরিমাণ মুদ্রা জব্দ করা হয়। তাঁর বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।