৫৫ লাখ বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণ ১৯ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে আগামী ১৯ জুন বিনামূল্যে ৫৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাল্ব বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের মতো কেন্দ্র স্থাপন করে এগুলো বিতরণ করবে। একেকজন গ্রাহককে দুটি করে সিএফএল বাল্ব দেওয়া হবে। বিনিময়ে গ্রাহককে দিতে হবে দুটি ব্যবহূত সাধারণ বাল্ব। এই ৫৫ লাখ বাল্ব প্রতিস্থাপিত হলে প্রায় ৮০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে সেখানে বাল্ব বিতরণের তারিখ পরিবর্তন হতে পারে বলেও সূত্রে জানা গেছে।এই ৫৫ লাখ বাল্বের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ এলাকায় ১৭ লাখ ৮২ হাজার; পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পাঁচটি সমিতির এলাকায় ১৯ লাখ ৪৭ হাজার; ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এলাকায় আট লাখ ৪৭ হাজার; ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) এলাকায় চার লাখ ২৯ হাজার এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) এলাকায় চার লাখ ৯৫ হাজার বাল্ব বিতরণ করা হবে।আরইবির যে পাঁচটি সমিতির এলাকায় আগামী ১৯ জুন বাল্ব বিতরণ করা হবে সে সমিতিগুলো হচ্ছে ঢাকা-১, সিলেট-১, চট্টগ্রাম-১, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। সরকারি সূত্র জানায়, বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণের এটি প্রথম পর্যায়। শিগগিরই দ্বিতীয় পর্যায়ে বিতরণের কর্মসূচিও চূড়ান্ত করা হচ্ছে। বিদ্যুৎসংকট মোকাবিলায় নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়েরও সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। গত সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সারা দেশে গ্রাহকদের মধ্যে দুই কোটি ৬৫ লাখ বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণের। এর মধ্যে প্রথম পর্যায়ে গত মার্চে এক কোটি পাঁচ লাখ এবং দ্বিতীয় পর্যায়ে এক কোটি ৬০ লাখ বাল্ব বিতরণ করার কথা ছিল। সে সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি হিসাবে ৩৫০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হতো। গত মার্চ-এপ্রিলে বিদ্যুৎসংকট অনেক কম হতো। কিন্তু বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট এই প্রকল্পে বিশ্বব্যাংকের অনুদানসহ বরাদ্দ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সরকারের ওই কার্যক্রম বিলম্বিত হয়। বিদ্যুৎসাশ্রয়ী বাল্বকে পরিবেশসহায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাই সারা দেশে এই বাল্ব সংযোজন করার পরে আন্তর্জাতিক ‘কার্বন ক্রেডিট’ তহবিল থেকেও অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বৈশ্বিক উষ্ণতা কমানোর যেকোনো কাজের জন্য এই তহবিল থেকে অনুদান দেওয়া হয়।