নরসিংদীর তিন পৌরসভা মাধবদী, মনোহরদী ও নরসিংদীতে মোট ভোটকেন্দ্র ৫৫টি। এর মধ্যে ৫০টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কাল বুধবার অনুষ্ঠেয় পৌর নির্বাচনে এসব ভোটকেন্দ্রে গোলযোগ, সন্ত্রাসী হামলা, ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নরসিংদী পৌরসভার ৩৪টি ভোটকেন্দ্রের সব কটি গুরুত্বপূর্ণ। মাধবদী পৌরসভায় ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি এবং মনোহরদী পৌরসভায় নয়টি ভোটকেন্দ্রের ছয়টি গুরুত্বপূর্ণ। এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োগসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে। গত রোববার বিকেল থেকেই পৌরসভার বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ টহল দল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।