৫৫টি ঘরের সেবা সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মতিঝর্না ও বায়েজিদ এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে অভিযান চালিয়ে ৫৫টি বসতঘরের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় আরও পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৃথকভাবে এ অভিযান চালানো হয়।

সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন মতিঝর্নায় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ বায়েজিদ এলাকায় অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ফায়ার সার্ভিস, পিডিবি, ওয়াসা ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন। পুলিশ এতে সহযোগিতা করে।

গতকাল দুপুরে মতিঝর্না এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থান থেকে না সরলে তাঁদের উচ্ছেদ করা হবে বলে হ্যান্ডমাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল।

অভিযানের সময় মতিঝর্ণা পাহাড়ের বিভিন্ন স্থানে অধিক ঝুঁকিপূর্ণ ৫০টি বসতঘরের সেবা (গ্যাস, বিদ্যুৎ ও পানি) সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জানতে চাইলে সহকারী কমিশনার আছিয়া খাতুন এ বিষয়ে বলেন, মতিঝর্না এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ৫০ পরিবারকে সরে যেতে বাধ্য করার জন্য তাদের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে একই সময়ে নগরের বায়েজিদ এলাকার মিয়ার পাহাড়ে পৃথক অভিযানে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়। এ ছাড়া ওই পাহাড়ের আরও পাঁচটি পরিবারের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।