৫৫টি পরিবারের জমি দখল করে মাছ চাষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুটি গ্রামের ৫৫টি পরিবারের অন্তত ৪০ একর ফসলি জমি কয়েকজন প্রভাবশালী বেদখল করে মাছ চাষ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য জমির মালিকদের কোনো টাকাপয়সা দেওয়া হচ্ছে না। তাঁদের ফসলের আবাদ করতেও দেওয়া হচ্ছে না।
সরেজমিনে ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার ফেনাবাড়ি গ্রামের মিন্টু হালদার ও নিত্যানন্দ জয়ধর; আন্ধার মানিক গ্রামের খোকন জয়ধরসহ পাঁচ-ছয়জন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে দুটি গ্রামের সাধারণ মানুষকে অধিক লাভের প্রলোভন দেখিয়ে ফসলি জমিতে ঘের করেন। সেখানে তাঁরা মাছ চাষ করে আসছেন। কিন্তু জমির মালিকদের লভ্যাংশ তো নয়ই, কোনো কানাকড়িও দেওয়া হচ্ছে না। এখন জমির মালিকেরা তাঁদের নিজ নিজ জমিতে ফসলের আবাদ করতে চান। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের জমির কাছে ঘেঁষতেই দিচ্ছেন না।
ফেনাবাড়ি গ্রামের শেফালি গুপ্ত বলেন, ‘মুই গরিব মানুষ। সামান্য এক টুকরা জমিই মোর ভরসা। সেই জমিটুকু দখল নিয়ে তাতে মাছ করিছে। মুই বাধা দিলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলার বিষয়টি আগৈলঝাড়া থানায় অভিযোগ দিই কিন্তু কোনো প্রতিকার পাই নাই।’
আন্ধার মানিক গ্রামের কৃষক অনিল চন্দ্র হালদার অভিযোগ করে বলেন, প্রভাবশালী ব্যক্তিরা ঘের করার সময় তাঁকে অধিক লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ঘেরের ভেতরে তাঁর ১ একর ৫৬ শতক জমি রয়েছে। সেখানে মাছ চাষ করা হচ্ছে। ২০১৩ সালে বোরো মৌসুমে তাঁর জমিতে বোরোর আবাদ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরের বছর থেকে তাঁকে আর জমির ধারেকাছেও যেতে দেওয়া হয়নি। এ ছাড়া চার বছর ধরে তাঁর জমি বাবদ তাঁকে একটি পয়সাও দেওয়া হয়নি। একই ধরনের অভিযোগ করেন ওই গ্রামের পূর্ণ শশী জয়ধর ও ফেনাবাড়ি গ্রামের বীরেন দাস।
গুপ্ত বংশের ১০ জন সদস্য অভিযোগ করেন, গুপ্ত বংশের জমির মালিকেরা একত্র হয়ে একটি চুক্তি করে নিজেদের ওই সাড়ে আট একর জমিতে মাছের ঘের করেন। সেখানে চলতি বর্ষা মৌসুমের শুরুতে নানা প্রজাতির মাছের চাষ শুরু করেন। কিন্তু জুলাই মাসে প্রভাবশালী মিন্টু হালদার, নিত্যানন্দ জয়ধর ও খোকন জয়ধর দলবল নিয়ে তাঁদের ঘেরের উত্তর অংশের জাল জোর করে খুলে তাঁদের ঘেরের ভেতর ঢুকিয়ে দেন। এর প্রতিবাদ করলে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করা হয়।
জবরদখলের অভিযোগ অস্বীকার করে মিন্টু হালদার, নিত্যানন্দ জয়ধর ও খোকন জয়ধর বলেন, জোর করে নয়, সবার মতামতের ভিত্তিতেই মাছ চাষ করা হচ্ছে। তা ছাড়া প্রত্যেককে লভ্যাংশ দেওয়া হচ্ছে।