ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৫৫টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এ ছাড়া ছয়টি ইউপিতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ছয়জনই ক্ষমতাসীন আওয়ামী লীগ-মনোনীত। চতুর্থ ধাপে ৭২৭টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ মার্চ এই ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৭২৫ জন। এর মধ্যে আওয়ামী লীগের ৭২৭ জন, বিএনপির ৬৭২, জাতীয় পার্টির ১৭৮, জাসদের ৪৪, ওয়ার্কার্স পার্টির ৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৬২, জাতীয় পার্টির (জেপি) ৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৪, তরীকত ফেডারেশনের ৩, জমিয়তে উলামায়ে ইসলামের চারজন প্রার্থী রয়েছেন। এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাপ, বিএনএফ, এনপিপি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও খেলাফত মজলিস একজন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে। বাকি প্রার্থীরা সবাই স্বতন্ত্র।
চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৯ এপ্রিল। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ মে।
এর আগে প্রথম ধাপে ৭১২টি ইউপির মধ্যে ১১৯টিতে বিএনপির কোনো প্রার্থী ছিল না। এ ধাপে আওয়ামী লীগের ৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। দ্বিতীয় ধাপে ৬৩৯টি ইউপির মধ্যে ৭৯টিতে বিএনপির প্রার্থী ছিল না। আওয়ামী লীগ-মনোনীত ৩৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তৃতীয় ধাপে ২৩ এপ্রিল যে ৬২১টি ইউনিয়নে নির্বাচন হবে, সেখানে ৪৬টিতে বিএনপির কোনো প্রার্থী নেই।
প্রথম ধাপে আওয়ামী লীগ ৫৩.৩৭ শতাংশ হারে এবং দ্বিতীয় ধাপে ৪৮.৫৬ হারে ভোট পেয়েছে। অন্যদিকে বিএনপি পেয়েছে যথাক্রমে ১৮.২২ ও ২১.১৪ শতাংশ হারে ভোট। দুই ধাপে আওয়ামী লীগ ৯৮৪টিতে এবং বিএনপি ১০৮টিতে জয় পেয়েছে।