৫৫তম আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর  ব্যবস্থাপনায় ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে আগামী ৩ থেকে ১৩ জুলাই বসবে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় আসর ৫৫তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ২০১৪। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছয়জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

শিক্ষার্থীরা হলো ঢাকা কলেজের নূর মোহাম্মদ শফিউল্লাহ, ময়মনসিংহ জিলা স্কুলের আদিব হাসান ও মো. সানজিদ আনোয়ার, সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের সাজিদ আখতার ওরফে তূর্য, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আসিফ-ই-ইলাহী এবং রাজশাহী কলেজের মুতাসিম ওরফে মিম।

এ ছাড়া দলের সঙ্গে দলনেতা, উপদলনেতা ও পর্যবেক্ষক হিসেবে যাবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ মাহবুব মজুমদার, সাধারণ সম্পাদক মুনির হাসান ও একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার।

১৯৫৯ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আয়োজন শুরু হয়। ২০০৪ সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশ ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নেওয়া শুরু করে। এ পর্যন্ত আইএমওতে বাংলাদেশ একটি রৌপ্য পদক, নয়টি ব্রোঞ্জ পদক এবং ১৬টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে।


যেভাবে ছয়জন শিক্ষার্থী মনোনীত হলো
চলতি বছরের ১৭ জানুয়ারি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে শুরু হয় বাংলাদেশ জাতীয় গণিত দলের সদস্যদের অন্বেষণ। এরপর ২২টি আঞ্চলিক গণিত উত্সবে অংশ নেয় সারা দেশের প্রায় ২৪ হাজার শিক্ষার্থী। এসব আঞ্চলিক উত্সবে বিজয়ী এক হাজার ৫৫ জন শিক্ষার্থী নিয়ে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও জাতীয় গণিত উত্সব ২০১৪।

উত্সব থেকে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির সেরা ৩৫ জন শিক্ষার্থী নিয়ে ১২ থেকে ২০ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হয় দশম বাংলাদেশ গণিত ক্যাম্প। পরবর্তী সময়ে দশম বাংলাদেশ বাংলাদেশ গণিত ক্যাম্প, এপিএমও ফলের ওপর ভিত্তি করে ২০ জন সেরা শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় আইএমও দল নির্বাচনী ক্যাম্প। এই ক্যাম্পের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ৫৫তম আইএমওর জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল সুপারিশ করেন। কোচের সুপারিশ অনুযায়ী বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই ছয় সদস্যের দল চূড়ান্ত করে।

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।