৫৫০ একর জমি উদ্ধারে দীর্ঘসূত্রতায় অসন্তোষ
দেশের বিভিন্ন স্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের ৫৫০ একরেরও বেশি জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার কার্যক্রমের দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে এ মনোভাব প্রকাশ করা হয় বলে বৈঠক সূত্র বলেছে।
বৈঠক শেষে কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে অবৈধ দখলে থাকা জমি নিয়ে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। কমিটি অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এটি চলমান প্রক্রিয়া। কমিটির প্রশ্ন, এভাবে কত দিন ধরে উদ্ধার কার্যক্রম চলবে? জমি উদ্ধারে কোনো নির্দিষ্ট সময় নিয়ে কাজ করা হচ্ছে না কেন?
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, ঢাকা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও সিলেটের গণপূর্ত অধিদপ্তরের ১৮২ দশমিক ৬৭ একর; রাজউকের টঙ্গী, উত্তরা, মহাখালী, বনানী ও নারায়ণগঞ্জে ১৫৪ দশমিক ৯৪ একর এবং গৃহায়ণ কর্তৃপক্ষের ঢাকা, দিনাজপুর, খুলনায় ২২৪ দশমিক ২১ একর জমি অবৈধ দখলে রয়েছে। কার্যপত্রে বলা হয়েছে, অবৈধ দখলে থাকা এসব জমি নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে মামলা থাকায় সংশ্লিষ্ট বিভাগগুলো জমি পুনরুদ্ধার করতে পারছে না।
বৈঠক সূত্র বলেছে, বৈঠকে বলা হয়, গাজীপুরে কোনো পরিকল্পনা ছাড়াই বড় বড় ভবন ও পোশাক কারখানাসহ নানা শিল্পকারখানা গড়ে উঠছে। সেখানে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা বা রাস্তাঘাট নেই। তাই পরিকল্পিত নগরায়ণের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন জরুরি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে একমত হন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়।
বৈঠকে বলা হয়, টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের ১৬০ একর জমির মধ্যে ১৫ একর বেহাত হয়ে গেছে। এ জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়।
কমিটি ভূমিকম্পের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কাজ ত্বরান্বিত করা এবং বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, সে বিষয়ে তদারকি জোরদার করারও সুপারিশ করে। এ ছাড়া ন্যাশনাল বিল্ডিং কোডে রিখটার স্কেলে ৮ মাত্রার পরিবর্তে ৯ মাত্রার ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণের বিধান সংযোজনের সুপারিশ করা হয়।
গণপূর্ত অধিদপ্তরের একজন কার্য সহকারীর বিরুদ্ধে আনা সরকারি সম্পত্তি বেহাতকরণের চক্রান্তের বিষয়ে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট না হওয়ায় এ বিষয়ে পুনঃ তদন্তের লক্ষ্যে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটির আহ্বায়ক এ কে এম ফজলুল হক এবং সদস্যরা হলেন আবু সালেহ মোহাম্মদ সাঈদ ও নূরজাহান বেগম।
সংসদীয় কমিটির সভাপতি মো. দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, মো. জাহিদ আহসান রাসেল, এ কে এম ফজলুল হক, মো. আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং নূরজাহান বেগম অংশ নেন। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।