
রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর পানি কমছে। সেই সঙ্গে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এক সপ্তাহে উপজেলা দুটিতে অন্তত ৫৫০টি পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছে দিশেহারা মানুষের দল।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মার পানি গত মঙ্গলবার থেকে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঢেউ ও স্রোতের তীব্রতা বেড়েছে। এতে কয়েকটি স্থানে ভাঙন অব্যাহত রয়েছে।
সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মো. নুরুজ্জামান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মাত্র চার দিনে ৪০০টি পরিবারের বসতভিটা পদ্মায় চলে গেছে। পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। গত সোমবার ২৫০ জনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে লালগোলা, উড়াকান্দা ও নয়নসুখ এলাকায় গিয়ে দেখা গেছে, ঘরবাড়ি ও সহায়সম্বল হারিয়ে অনেকে বুক চাপড়াচ্ছেন, কান্নায় ভেঙে পড়েছেন। অনেকে ভাঙনের মুখে বসতবাড়ির টিনের চাল, আসবাব, বেড়া, হাঁড়িপাতিল সরিয়ে নিচ্ছেন। বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছ কেটে ফেলছেন। নারী ও শিশুদের নিয়ে বাঁধে আশ্রয় নিচ্ছেন অনেকে।
লালগোলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘আমরা অনেক দিনে ধরে পদ্মার ভাঙন থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু আমাদের কথায় কেউ কান দেয় নাই। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছে। এখন পদ্মা সর্বনাশা রূপ ধারণ করেছে। ভিটেমাটি সব গ্রাস করছে। আমরা নিঃস্ব হাতে অন্য গ্রামে চলে যাচ্ছি।’
এদিকে ভাঙন থেকে পূর্ব উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য ৪০ লাখ টাকা ব্যয়ে বালুভর্তি বস্তা ফেলা হয়েছে। দরপত্র ছাড়াই জরুরি ভিত্তিতে ১১ হাজার বস্তা ফেলা হবে। পাউবোর সূত্র জানিয়েছে, বস্তা ফেলার দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান শামীম নামের একজন ঠিকাদার।
গোয়ালন্দ উপজেলায় গত এক সপ্তাহে দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজী পাড়া ও ছাত্তার মেম্বার পাড়ার প্রায় ১৫০ পরিবারের ঘরবাড়ি ও বসতভিটা পদ্মায় বিলীন হয়েছে। ভাঙনের মুখে তিন শতাধিক ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
গত মঙ্গলবার সিদ্দিক কাজী পাড়ায় গিয়ে দেখা গেছে, পদ্মার অব্যাহত ভাঙনের মুখে লোকজন দিশেহারা। কেউ ঘরের চাল খুলছেন। আবার ঘরের চাল ও বেড়া কয়েকজন মিলে মাথায় করে ঘোড়ার গাড়িতে তুলছেন। গাছপালা কেটে দ্রুত সরিয়ে নিচ্ছেন। খাঁ খাঁ করছে ভিটেমাটি।
ঘর ও জিনিসপত্র প্রায় সরিয়ে ফেলে শূন্য ভিটায় স্ত্রী ও মেয়েকে নিয়ে দুপুরের খাবার খাচ্ছিলেন দিনমজুর বারেক সরদার (৬৫)। তিনি বলেন, স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েকে নিয়ে কোথায় যাবেন, সেই চিন্তায় তিনি অস্থির। আপাতত বাড়ির জিনিসপত্র এক কিলোমিটার দূরের ট্রাক টার্মিনালের এক কোনায় রেখেছেন।
দৌলতদিয়া ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, কয়েকজন শ্রমিক নিয়ে ও স্বজনেরা মিলে তাড়াহুড়া করে বাড়িঘরের বেড়া খুলছেন। আপাতত ফেরিঘাট সড়কের ওপর ঘরের সব জিনিসপত্র রাখছেন। পরে কোথায় যাবেন এখনো বুঝতে পারছেন না। তিনি আরও বলেন, গত এক সপ্তাহে স্থানীয় সিদ্দিক কাজী পাড়া, ফেরিঘাটসংলগ্ন এলাকা ও বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার অন্তত ১৫০টি পরিবারের বসতভিটা পদ্মার গর্ভে চলে গেছে।
দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, গত মাসে সিদ্দিক কাজী পাড়া, ফেরিঘাট, বাহির চর ছাত্তার মেম্বার পাড়া, ঢল্লা পাড়া ও আফসার শেখের পাড়ার প্রায় ৪০০ ঘরবাড়ি পদ্মায় বিলীন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, দৌলতদিয়ায় পদ্মার ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বন্যার্ত ও নদীভাঙনের শিকার লোকজনের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে প্রায় ১০০ মেট্রিক টন চাল ও তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নুরুন নবী বলেন, ‘পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে পদ্মার ভাঙনের মাত্রা বৃদ্ধি পাবে। এই ভাঙনরোধে স্থায়ীভাবে পদক্ষেপ নিতে হবে। এ জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছি।’