৫৬ কিলোমিটার মহাসড়কে ১৭টি অবৈধ বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ৫৬ কিলোমিটার মহাসড়কের ১৭টি স্থানে প্রতিদিন অবৈধ বাজার বসছে। এতে প্রতিটি বাজারে আটকে যায় যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এক ঘণ্টার পথ পাড়ি দিতে দুই ঘণ্টারও বেশি সময় লাগছে।
জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও জেলা সড়ক পরিবহন ব্যবস্থাপনা কমিটির সভায় একাধিকবার আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার পরও অবৈধ বাজার উচ্ছেদ করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, ৫৬ কিলোমিটার সড়কের পাশে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত, পাকুন্দিয়ার পুলেরঘাট, কটিয়াদীর পাঁচংগোটা, মধ্যপাড়া, বানিয়ারগ্রাম, আসমিতা ও কটিয়াদী বাসস্ট্যান্ড, বাজিতপুরের উজানচর, গজারিয়া, পিরিজপুর ও আগরপুর, কুলিয়ারচরের বাজরা, দাড়িয়াকান্দি, ছয়সূতী, মিরারচর ও কালিকাপ্রসাদ এবং ভৈরব বাসস্ট্যান্ড বাজার বসছে দীর্ঘদিন ধরে। কিন্তু বাজারের পরিধি না বাড়ায় নানা পণ্যদ্রব্য নিয়ে অনেক বিক্রেতা রাস্তার ওপর অবস্থান নেন। অনেক পাইকারি ব্যবসায়ী রাস্তার ওপর ট্রাক রেখে ওই পণ্য কেনেন। পরে দীর্ঘ সময় নিয়ে ট্রাকে রাখেন। এই যানজট সহ্য করেই ১৭টি বাজার অতিক্রম করে কিশোরগঞ্জ-ভৈরব যেতে হয়।
কিশোরগঞ্জ-ঢাকা পথে চলাচলকারী অনন্যা সুপার সার্ভিসের বাসচালক আলাল মিয়া বলেন, ‘৫৬ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বাজার বসায় কয়েক কিলোমিটার পরপরই যানজটে বসে থাকতে হয়। যাত্রীরা আমাদের গালমন্দ করে।’
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী জানান, অচিরেই অবৈধ বাজারের বিষয়টি সুরাহা করবেন।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘সড়কে অবৈধ বাজার বসার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হবে।’